
শেষ আপডেট: 15 December 2023 14:37
দ্য ওয়াল ব্য়ুরো: ফের ডেঙ্গিতে মৃত্যু। এবার ডেঙ্গির বলি এক চিকিৎসক পডুয়া। ডিসেম্বরেও ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা ঘটায় উদ্বেগ ছড়িয়েছে সব মহলে।
জানা গেছে, ডেঙ্গিতে মৃত ছাত্রের নাম পৃথ্বীরাজ দাস (২১)। ন্যাশনাল মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া পৃথ্বীরাজ বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। বারাসতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। বৃহস্পতিবার রাতে সেখানেই মৃত্যু হয় পৃথ্বীরাজের। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকেরা ডেঙ্গি শক সিনড্রোমের কথা উল্লেখ করেছেন।
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে যথেষ্ট ঠান্ডা পড়েছে বঙ্গে। প্রচলিত ধারনা অনুযায়ী, জাঁকিয়ে শীত পড়লে ডেঙ্গি মশার উপদ্রব কমে। সেখানে এই ঘটনা, বিশেষত চিকিৎসক পড়ুয়ার মৃত্যু। যা যথেষ্ট উদ্বেগ তৈরি করেছে চিকিৎসক মহলে। তাঁরা বলছেন, ডেঙ্গি মশা নিজের ধরন বদলাচ্ছে। তাই এ ব্যাপারে আরও সতর্কতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
সূত্রের খবর, গত এক সপ্তাহ ধরেই জ্বরে ভুগছিল সে। জ্বরের সঙ্গে বমিও হচ্ছিল। ডেঙ্গি পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। এরপরই হাসপাতালে ভর্তি করা হয় ওই চিকিৎসক পডুয়াকে।
সূত্রের খবর, ডিসেম্বরের শুরুতেই শহর কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল প্রায় সাড়ে চারশো। শীতেও ডেঙ্গির উপদ্রব বাড়তে থাকায় চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে স্বাস্থ্য আধিকারিকদের।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গিতে নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে। ফলে রোগ ধরতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। পরে পরীক্ষা করে ধরা পড়ছে ডেঙ্গি। আবার পেট ব্যথা, ডায়রিয়া, বমি, খাদ্যনালিতে সংক্রমণ নিয়েও অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছে। এমনকি কার্ডিয়াক কমপ্লিকেশনও দেখা যাচ্ছে । নিউরোলজিক্যাল সমস্যা হচ্ছে অনেকের।