
শেষ আপডেট: 2 January 2023 05:51
দ্য ওয়াল ব্যুরো: বিরোধীরা বলেছিল, চূড়ান্ত ছেলেমানুষি। বিজেপি বলেছিল, কালো টাকা উদ্ধারে বৈপ্লবিক পদক্ষেপ। গোটা দেশের কোটি কোটি মানুষের রাতের ঘুম উড়ে গিয়েছিল একটা ঘোষণায়। ২০১৬ সালের ৮ নভেম্বর ঘোষণা করা নরেন্দ্র মোদী সরকারের ডিমনিটাইজেশন (demonetisation) তথা নোটবন্দির (Note Ban )সিদ্ধান্ত ঠিক না ভুল ছিল সে ব্যাপারে সোমবার রায় দিতে পারে সুপ্রিম কোর্ট।
দেশের শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এদিন ঘোষণা করতে পারে, নোটবন্দির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যথাযথ প্রক্রিয়া মেনেছিল কিনা (Supreme Court Decision On Centre's Note Ban)।
ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মোট ৫৮টি মামলা হয়েছিল। যার মধ্যে ৪০টির বেশি জনস্বার্থ মামলা। সব মামলাগুলিকে ক্লাব করে শুনেছে শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ। এদিন সেই সংক্রান্ত রায় দিতে পারে আদালত।
গত ৭ ডিসেম্বর এই মামলার শুনানিতে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট। আদালতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, নোটবন্দি সরকারের নীতিগত সিদ্ধান্ত। এ নিয়ে আদালত কখনও ঠিক বা ভুল বিচার করতে পারে না। সেই এক্তিয়ার আদালতের নেই।
সেই সওয়ালের পর দেখা যায় সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে ফাইল চেয়ে বসে। আদালত স্পষ্ট নির্দেশ দেয়, নোটবন্দির সিদ্ধান্ত ঘোষণার আগে সরকার ও রিজার্ভ ব্যাঙ্কের মধ্যে যে ফাইল চালাচালি হয়েছিল সেসব পেশ করার নির্দেশ দেয় সাংবিধানিক বেঞ্চ।
বিচারপতি আবদুল নজিব, বিচারপতি বিআর গবাই, বিচারপতি এএস বোপান্না, বিচারপতি বি রামাসুব্রাহ্মণ্যম এবং বিচারপতি বিবি নাগরত্নার সাংবিধানিক বেঞ্চ এই মামলায় আজ নির্দেশ দিতে পারে।
এই মামলায় মামলাকারীদের হয়ে সওয়াল করেন আইনজীবী তথা কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি বলেন, সরকারের চাপের কাছে আদালতের চুপ করে যাওয়া ঠিক হবে না। আদালত এখন নোটবন্দির সিদ্ধান্ত খারিজ করে দিতে পারবে না ঠিকই। কিন্তু ঠিক হয়েছিল না ভুল হয়েছিল সে ব্যাপারে স্পষ্ট মত দেওয়া আদালতের কর্তব্য।
অতীতে বহু মামলাতেই প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। এই নোটবন্দি যখন ঘোষণা হয় তার কয়েক মাস আগে সুপ্রিম কোর্ট সিঙ্গুরের জমি অধিগ্রহণ নিয়ে মামলার বিষয়ে রায় দিয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্য সরকার যে কায়দায় জমি নিয়েছিল তা ঠিক ছিল না। অর্থাৎ প্রক্রিয়াগত ত্রুটি ছিল। যে রায়ের পর বাংলার সিপিএমকে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছিল। বুদ্ধদেববাবু বলেছিলেন, ‘প্রক্রিয়াগত ত্রুটি থাকলেও উদ্দেশ্য ছিল সৎ।’ এখন দেখার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের জন্য কী অপেক্ষা করে আছে।
লাইনচ্যুত ৮টি কামরা, মধ্যরাতে দুর্ঘটনার কবলে মুম্বই-যোধপুর সূর্যনগরী এক্সপ্রেস