
কলকাতা পুরসভা।
শেষ আপডেট: 27 November 2024 16:10
দ্য ওয়াল ব্যুরো: বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে এবার শাসকদলের কাউন্সিলরের রোষে পুরসভার ইঞ্জিনিয়র! কলকাতা পুরসভার ১৩৭ নম্বর ওয়ার্ডে মেটিয়াবুরুজ এলাকার ঘটনা। ইতিমধ্যে ভাইরাল ভিডিও। ভিডিও-র সত্যতা অবশ্য দ্য ওয়াল যাচাই করেনি। তবে ওই ভিডিও ঘিরেই শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
বিজেপি কাউন্সিলর সজল ঘোষের অভিযোগ, এদিন ওই এলাকার একটি বেআইনি নির্মাণ ভাঙতে গিয়েছিলেন পুরসভার ইঞ্জিনিয়ররা। সজল বলেন, "বেআইনি নির্মাণ ভাঙতে পুরসভার ইঞ্জিনিয়রদের বাধা দিলেন খোদ পুরসভার কাউন্সিলর। এমনকী পুলিশ দাঁড়িয়ে থাকলেও কোনও পদক্ষেপ করেনি। এর থেকে লজ্জার আর কী হতে পারে।"
সজল এও বলেন, "পুরসভার কাউন্সিলর হয়ে পুরসভার কর্মীকে বাপ মা তুলে গালাগালি দিচ্ছে। এরা কাউন্সিলর না তোলাবাজ!"
যদিও সজলের অভিযোগ উড়িয়ে তৃণমূল কাউন্সিলর ওয়াসিম আনসারি বলেন, যে নির্মাণটি ভাঙাj জন্য পুরসভার ইঞ্জিনিয়ররা এসেছিলেন, সেই বহুতলের ক্ষেত্রে আদালতে স্টে অর্ডার রয়েছে। তা সত্ত্বেও ভাঙতে এসেছিলেন পুরসভার কর্মীরা। বিষয়টি জানতে পারার পর সেখানে যায়। এর মধ্যে বাধা দেওয়ার কোনও বিষয় নেই।