দ্য ওয়াল ব্যুরো: বলিউড প্রীতি থুড়ি হানি সিংয়ের একনিষ্ঠ ফ্যান হতে গিয়েই বিপদে পড়ল দিল্লির দুই গ্যাংস্টার। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ভিডিও অ্যাপ 'টিকটক'-এ হানি সিংয়ের গানের সঙ্গে ভিডিও বানানোর সাধ তাদের ছিল বহুদিন। সেটা করতে গিয়েই হাতেনাতে ধরা পড়ল দু'জনে।
ধৃতদের নাম শাহাজাদা পারভেজ (২৪) এবং মনু (২৩)। পুলিশ জানিয়েছে, দিল্লির কুখ্যাত গৌরী গ্যাংয়ের সক্রিয় সদস্য এরা। খুন, জখম, তোলাবাজি, অপহরণ-সহ বিস্তর অভিযোগ রয়েছে দুই যুবকের বিরুদ্ধে। হাবভাবেও তারা নাকি বেশ ডাকাবুকো। তাদের সমঝে চলেন এলাকার মানুষজন। পুলিশ বহুদিন ধরেই তাদের নাগাল পাওয়ার চেষ্টা করছিল। 'টিকটক' ভিডিওর দৌলতে সে সুযোগও এসে যায় একেবারে হাতের মুঠোয়।
ঘটনার সূত্রপাত মাসখানেক আগেই। এক অনুষ্ঠান বাড়িতে গিয়ে 'টিকটক' ভিডিও বানায় দু'জনে। সেখানে হানি সিংয়ের গানের সঙ্গে মুখ ও হাতের স্টেপ মিলিয়ে তাদের নাচের সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে ভিডিওর সূত্র ধরে তাদের খোঁজ পায়নি পুলিশ। ফের একই রকম ভিডিও তারা বানায় দিন কয়েক আগে। এ বারের ভিডিওতে নাচের স্টেপি ছিল কিছু বেশি। তার উপর হাতে ধরা ছিল বন্দুক। নানা ভঙ্গিমায় বন্দুক নিয়ে তাদের নাচের সেই ভিডিও দেখেই টনক নড়ে পুলিশের।
ডিএসপি অল্টো আলফোন্সের কথায়, খোঁজ নিয়ে দেখা যায় তারা দিল্লির বিপিন গার্ডেন এলাকার বাসিন্দা। উত্তমনগরে একটি মাংসের দোকান চালায়। এই নতুন ভিডিও বেশ ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই সূত্র ধরেই তাদের পাকড়াও করে পুলিশ। তাদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র পাচারের অভিযোগও রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।