
শেষ আপডেট: 21 August 2022 13:54
দ্য ওয়াল ব্যুরো: কৃষক নেতা রাকেশ টিকায়েতকে (Rakesh Tikait)পুলিশ আজ দিল্লি সীমান্তে আটক করেছে। তাঁকে দিল্লির মধু বিহার থানার নিয়ে যাওয়া হয়েছে। আটক হওয়ার আগে টিকায়েত একটি ভিডিও প্রকাশ করে পুলিশের তাঁকে দিল্লি ঢুকতে বাধা দেওয়ার কথা জানান। তাঁকে পুলিশ (Delhi Police) জিজ্ঞাসাবাদ করছে। গ্রেফতারের কথা এখনও জানায়নি পুলিশ।
পুলিশ জানিয়েছে, অশান্তির আশঙ্কায় এই কৃষক নেতাকে হেফাজতে নেওয়া হয়েছে। দেশে বেকারি, জিনিসপত্রের দাম বৃদ্ধির মতো কয়েকটি ইস্যুতে আগামীকাল যন্তরমন্তরে বিক্ষোভে অংশ নিতে রাজধানীতে আসছিলেন তিনি। পুলিশের একটি সূত্র জানিয়েছে, দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখে টিকায়েতকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়। অন্য একটি সূত্রে বলা হয়েছে তাঁকে আটক রাখা হয়েছে এখনও।
বিশেষ পুলিশ কমিশনার (আইন শৃঙ্খলা) দীপেন্দ্র পাঠক দাবি করেন, ‘টিকায়েতকে যন্তরমন্তরে যেতে মানা করা হয়েছিল। ফিরে যাওয়ার অনুরোধ করা হয় তাঁকে। তিনি পুলিশের কথায় রাজি হন।’ ডেপুটি কমিশনার অফ পুলিশ (আউটার দিল্লি) সমীর শর্মা বলেন, সংযুক্ত কিসান মোর্চা এবং অন্যান্য কৃষক সংগঠন সোমবার যন্তর মন্তরে একটি মহাপঞ্চায়েতের আয়োজন করছে। সেই কারণে পুলিশ বাড়তি সতর্ক।
রাকেশ টিকায়েতের বক্তব্যে স্পষ্ট নয় যে তিনি ফিরে গিয়েছেন কিনা। বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা গাজিপুর দিয়ে দিল্লি ঢুকছিলাম। পুলিশ আমাদের বাধা দেয়। পাঞ্জাবের গাড়ি থামানো হয়।’ তাঁর প্রশ্ন, ‘দিল্লিতে কি কৃষকদের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে? কেউ কি সবুজ কম্বল পরে বা চাদর গায়ে দিল্লিতে যেতে পারে না?’
‘গোপনাঙ্গ কেটে খাইয়ে দেব’! নিরাপত্তারক্ষীদের অকথ্য গালিগালাজ মহিলার, দেখুন ভিডিও