
শেষ আপডেট: 22 December 2022 10:43
দ্য ওয়াল ব্যুরো: প্রথমে লাঠি দিয়ে মারধর (Thrashed)। তারপর ছুরির কোপ (Stabbed)। আঘাতে জর্জরিত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এক যুবক। কেউ দেখলেন, কেউ আবার না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে গেলেন। কিন্তু বাঁচানোর চেষ্টা একজনও করলেন না। পরে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। সেখানেই মৃত্যু (Death) হয়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) বদরপুরে।
জানা গেছে, বদরপুরের একটি গলির মধ্যে ওই যুবককে প্রথমে লাঠি দিয়ে বেধড়ক মারধর করছিল দুই দুষ্কৃতী। তারপরই আর একজন পকেট থেকে ছুরি বের করে একের পর এক কোপ বসাতে থাকে ওই যুবকের শরীরে। এই ঘটনা যখন ঘটছে, তখন ওই গলিতে গিজগিজ করছে লোকজন। চোখের সামনে এমন নৃশংস ঘটনা দেখে কেউ পালিয়ে গেলেন, কেউ আবার বাড়ির দরজা বন্ধ করে দিলেন। আবার কয়েকজন ঠায় দাঁড়িয়ে দেখে গেলেন। বাঁচানোর চেষ্টা তো দূর, কেউ প্রতিবাদ পর্যন্ত করেননি।
তিন দুষ্কৃতীদের মারধর ও ছুরির কোপে শেষে রাস্তায় লুটিয়ে পড়েন ওই যুবক। এরপর তারা এলাকা ছেড়ে চম্পট দেয়। অনেক পরে ওই আক্রান্ত যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দিল্লির বদরপুরের তাজপুর পাহাড়ি এলাকার এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
মৃত ওই যুবকের নাম কেশব। গত সপ্তাহে ওই দুষ্কৃতীদের সঙ্গে তাঁর কোনও একটি বিষয় নিয়ে ঝগড়া লেগেছিল। এরপর থেকেই কেশবকে বাগে পাওয়ার জন্য অপেক্ষা করছিল সেই তিনজন। বুধবার সেই সুযোগ পেতেই কেশবের উপর ঝাঁপিয়ে পড়ে তিনজন। প্রথমে লাঠি দিয়ে পিটিয়ে তারপর ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনায় তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। এই তিনজনের মধ্যে মূলত দু'জন কোহিনুর ও ভিকির নামে আগেও একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিজের উকিলের সঙ্গেই ঝামেলা বাঁধিয়েছে আফতাব! তুলে নিল জামিনের আবেদন