দ্য ওয়াল ব্যুরো : নাগরিকত্ব আইন ও এনপিআর, এই দু’টির বিরুদ্ধে এক মাস ধরে দিল্লির শাহিনবাগে অবস্থান করছেন মহিলারা। অনেকে শিশুও আছে তাঁদের সঙ্গে। এর ফলে আটকে গিয়েছে রাস্তা। যান চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। বুধবার সকালে দিল্লির বিজেপি নেতা মনোজ তেওয়ারি অবস্থানরতদের উদ্দেশে টুইট করে আবেদন জানিয়েছেন, আপনারা রাস্তা থেকে সরে যান। একইসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করে তিনি বলেন, বিক্ষোভের জন্য লক্ষ লক্ষ মানুষ সমস্যায় পড়ছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর হুঁশ নেই।
সাংসদ মনোজ তেওয়ারির কথায়, “আমি উদ্বিগ্ন। তাই এই ভিডিও বানিয়েছি। শাহিনবাগে বিক্ষোভের জন্য বহু মানুষ রোজ সমস্যায় পড়ছেন। যে পথ যেতে ২৫ মিনিট লাগত, তা যেতে লাগছে দু’-তিন ঘণ্টা।” বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, “নাগরিকত্ব আইন কোনও ধর্মের বিরুদ্ধে নয়। শিখ, খ্রিস্টান কিংবা ইসলাম, কোনও ধর্মের মানুষ এর ফলে ক্ষতিগ্রস্ত হবেন না। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে যারা চলে এসেছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার জন্য আইন সংশোধিত হয়েছে। কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া আমাদের উদ্দেশ্য নয়।”
এই প্রথম ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার জন্য আইন হয়েছে ভারতে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য আইন সংশোধন করা হয়নি। বরং অনেককে নাগরিকত্ব দেওয়ারই ব্যবস্থা করা হয়েছে।”
মনোজ তেওয়ারি টুইটারে যে ভিডিও ক্লিপ আপলোড করেছেন, তা তিন মিনিটের। তিনি বলেন, এনআরসি নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। গুজবে কান দেবেন না। তাঁর কথায়, “দেশে কোনও এনআরসি হচ্ছে না। এই নিয়ে গুজব ছড়াচ্ছে। দয়া করে রাস্তা ফাঁকা করে দিন। আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি।”
শাহিনবাগ জায়গাটা কালিন্দী কুঞ্জের কাছে। ওই পথ দিয়ে ফরিদাবাদ ও নয়ডায় যাওয়া যায়। বিক্ষোভের জন্য সেখানে রাস্তা বন্ধ। সেজন্য অনেকে ঘুরপথে যাতায়াত করছেন। দিল্লি-নয়ডা-দিল্লি এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজট দেখা দিয়েছে।