
দেবাশিস কুমার
শেষ আপডেট: 1 July 2024 16:57
প্রীতি সাহা
ফুটপাত জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরক্তি প্রকাশ করার পরই শহরজুড়ে শুরু হয়েছে বেআইনি হকার উচ্ছেদ অভিযান। একাধিক জায়গায় বুলডোজারও চালানো হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পুরসভা ও পুলিশ কার্যত তেড়েফুঁড়ে উঠেছে। কিন্তু এতদিন তাঁরা কী করছিলেন, স্বাভাবিকভাবেই এই প্রশ্ন করছেন সাধারণ মানুষ। তার উত্তর দিতে গিয়ে মেয়র পারিষদ দেবাশিস কুমার ভুল স্বীকার করে নিলেন!
হকার উচ্ছেদ নিয়ে নির্দিষ্ট পলিসি ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গড়ে দিয়েছেন কমিটিও। হকারদেরও তিনি একমাস সময় বেঁধে দিয়েছেন। কিন্তু এই একমাস ধরে পুরসভা কোন পথে কাজ করবে, তা জানতেই দ্য ওয়াল পৌঁছে গেছিল মেয়র পারিষদ দেবাশিস কুমারের কাছে। একান্ত সাক্ষাৎকারে তিনি বললেন, ''আমাদের কাজ হচ্ছে প্রাথমিকভাবে সার্ভে করা। হকাররা কে, কোথায়, কীভাবে আছেন সেটা দেখা। এজন্য আমাদের একটা অ্যাপও তৈরি হয়েছে। যে উচ্চ পর্যায়ের কমিটি তৈরি হয়েছে সেই কমিটিতে সার্ভে রিপোর্ট জমা দেওয়া হবে।''
প্রসঙ্গত, সরকারি জমি জবরদখল রুখতে এবং হকার সমস্যার সমাধানে গত শুক্রবার কলকাতা পুরসভার সমস্ত আধিকারিক এবং সচিবদের নিয়ে বৈঠকে বসেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানেই এই অ্যাপের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। জিপিএসের মাধ্যমে সংশ্লিষ্ট মার্কেটের প্রত্যেক হকারের আধার কার্ডের সঙ্গে ওই অ্যাপের লিঙ্ক করা থাকবে।
প্রথমবার হকার ইস্যুতে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরই বহু জায়গা থেকে হকারদের তুলে দেওয়া হয়েছিল। তবে এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নির্দেশ দেন, হকারদের রুটিরুজি রক্ষা করেই যা করার করতে হবে সরকারকে। যে হকারদের সরিয়ে দেওয়া হয়েছে, তাঁদের একটা তালিকা তৈরি করতে হবে। দরকারে অন্য জায়গায় দোকান করতে দিতে হবে তাদের। ইতিমধ্যে ধর্মতলা, গড়িয়াহাট সহ একাধিক জায়গা ঘুরে দেখেছেন দেবাশিস। সেখানে হকারদের সঙ্গেও কথা বলেছেন তিনি। মেয়র পারিষদের কথায়, তাঁরা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিয়েছেন। হকাররা ভীষণ ইতিবাচক।
সাধারণ মানুষের একাংশের বক্তব্য, মুখ্যমন্ত্রী ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তাঁর নির্দেশেরই পরই কেন এত তৎপরতা, এত সক্রিয় হল পুলিশ-পুরসভা? হকার নিয়ে সমস্যা বা অভিযোগ নতুন কিছু তো নয়। তাহলে এতদিন কাজ না করাটা কি পুরসভার ভুল? তারা কি এতদিন ঘুমোচ্ছিলেন? দ্য ওয়াল-কে দেবাশিস কুমার বললেন, ''ঘুমোচ্ছিল বলে যদি দোষ দেওয়া হয় তাহলে পুরসভা দোষী। ভুল হলে স্বীকার করতে অসুবিধা নেই। মানুষের কাছেই তো স্বীকার করছি।''
হকার ইস্যুতে 'ভুল স্বীকার'! দ্য ওয়ালকে যা বললেন দেবাশিস কুমার#TheWallBangla #DebasishKumar #Kolkatahawker #WestBengal pic.twitter.com/KRvm5F8GR0
— The Wall (@TheWallTweets) July 1, 2024
বিগত কয়েকদিনে কলকাতার একাধিক জায়গায় হকার উচ্ছেদের ছবি ধরা পড়েছে। ধর্মতলায় ব্যবসায়ীদের সঙ্গে হকারদের ঝামেলা ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরিও হয়েছিল। হকারদের শাস্তির দাবিতে এবং তাদের দ্রুত গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রীরাম আর্কেড কর্তৃপক্ষ এবং অন্যান্য স্থায়ী ব্যবসায়ীরা। সবমিলিয়ে কি পরিস্থিতি নিয়ন্ত্রণে, নাকি হকারদের মধ্যে ক্ষোভ বাড়ছে? মেয়র পারিষদ দেবাশিস কুমার দ্য ওয়াল-কে জানান, ''হকাররা খুব পজিটিভ। তাঁরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছেন, এজন্য তাদের ধন্যবাদ। মুখ্যমন্ত্রী যেমন চেয়েছেন তারা নিয়ন্ত্রিতভাবে ব্যবসা করুন, এই বিষয়টি হকাররাও মেনে নিয়েছেন।'' দেবাশিসের কথায়, শহরের সৌন্দর্যও থাকবে, হকাররাও থাকবেন এটাই মুখ্যমন্ত্রীর পরিকল্পনা।