
শেষ আপডেট: 10 October 2023 19:04
দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গি মশার ছোবলে ফের কলকাতায় মৃত্যু হল এক তরুণের। ডেঙ্গিতে এখনও পর্যন্ত রাজ্যে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা নিয়ে সরকারিভাবে কোনও রিপোর্ট প্রকাশ করা হয়নি। তবে বেসরকারি মতে, মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। স্বভাবতই, পুজোর মুখে ডেঙ্গি আতঙ্ক নতুন করে মাথা চাড়া দিচ্ছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে খবর, মৃত তরুণের নাম সিদ্ধার্থ বালা (২৫)। দক্ষিণ দমদম পুরসভার ইটালগাছা এলাকার সিদ্ধার্থ গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাঁকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডিতে। মঙ্গলবার সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর। চিকিৎসকেরা জানিয়েছে, ডেঙ্গির কারণেই মৃত্যু হয়েছে ওই তরুণের। ডেথ সার্টিফিকেটেও মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গির উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি শহর কলকাতাতেই ডেঙ্গির প্রকোপে মৃত্যু হয়েছে একাধিকজনের। বেহালা, নিউ আলিপুর, বাঁশদ্রোণী, দমদমে ডেঙ্গির প্রকোপে মৃত্যুর ঘটনা ঘটছে। মৃত্যুর খবর আসছে জেলা থেকেও। সবমিলিয়ে সারা রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতার মতো জেলাগুলিতে আক্রান্তের সংখ্যা বেশি। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছুঁইছুঁই। ডেঙ্গি প্রতিরোধে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। কলকাতা পুরসভাও ডেঙ্গি প্রতিরোধে বিভিন্ন কাজ করছে। সেইসঙ্গে মানুষকে ডেঙ্গি নিয়ে সচেতনও করছে। তারপরও মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় ডেঙ্গি ইস্যুতে ক্রমেই আতঙ্ক বাড়ছে জনমানসে।
নবান্ন ও স্বাস্থ্য দফতর সূত্রের খবর, পুজো তো বটেই পরের কয়েক মাসে ম্যালেরিয়া ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে আরও একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করতে পারে রাজ্য প্রশাসন। বস্তুত, প্রশাসন চাইছে বছরভর মশাবাহিত রোগের বিরুদ্ধে অভিযান। কিন্তু একশ্রেণির কর্মীর গা ছাড়া মনোভাবে রোগ ছড়াচ্ছে বলে মনে করেন পুর দফতরের আধিকারিকরা।