
ফাইল ছবি।
শেষ আপডেট: 13 January 2025 09:29
দ্য ওয়াল ব্যুরো: গঙ্গাসাগরে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পুণ্যার্থীর। অসুস্থ হয়ে পড়েন আরও তিন জন। সঙ্গে সঙ্গে এয়ার লিফট করে জরুরি ভিত্তিতে কলকাতার হাসপাতালে পাঠানো হয় তাঁদের।
প্রশাসন সূত্রের খবর, মৃত পুণ্যার্থীর নাম অবদেশ তিওয়ারি। উত্তরপ্রদেশের বাসিন্দা। রবিবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয় স্বেচ্ছাসেবকদের তরফে দ্রুত তাঁকে নামখানা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে অবদেশের। তবে অসুস্থ বাকি তিন জনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কলকাতার হাসপাতালে চলছে তাদের চিকিৎসা।
বস্তুত, গত বারের ১ কোটির ভিড়কেও ছাপিয়ে যেতে পারে এবারের গঙ্গাসাগর মেলা। পুণ্যার্থীদের সুরক্ষার্থে একাধিক পদক্ষেপও করেছে রাজ্য। ১৩ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। ৪৪টি ওয়াচ টাওয়ার, ১৮টি অ্যান্টিক্রাইম পেট্রোলিং টিম, ৫০টি ফুট পেট্রোলিং টিম, ১৮টি মিসিং পার্সন স্কোয়াড, ২টি স্নিফার ডগ, ২৮টি রিভার পেট্রোলিং টিম, ২৩টি কো-অর্ডিনেশন টিম দিন-রাত মেলা নিরাপত্তার দায়িত্বে থাকছে। এছাড়াও চিকিৎসা-সহ অন্যান্য ব্যবস্থাও করা হয়েছে।
জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের অবদেশের সঙ্গে অসুস্থ হয়ে পড়া আরও তিন পুণ্যার্থীকে রবিবারই এয়ার লিফট করে জরুরি ভিত্তিতে কলকাতার হাসপাতালে পাঠানো হয়। এরা হলেন, উত্তর প্রদেশের ঠাকুর দাস (৭০), রাজকুমার পাণ্ডে (২০) ও এরাজ্যের ক্যানিংয়ের বাসিন্দা মহারানি মণ্ডল (৮৫)।