
শেষ আপডেট: 5 May 2022 19:18
দ্য ওয়াল ব্যুরো: হয়তো একেই বলে মধুর বদলা। যে দল এক সময়ে প্রায় তাঁকে বাত্য করে দিয়েছিল সেই দলের বিরুদ্ধেই গর্জে উঠলেন তিনি। মানে তাঁর ব্যাট। এদিনের বিধ্বংসী ইনিংস যেন জবাব দিল গত আইপিএলের 'অপমানের'! তিনি আর কেউ নন, ডেভিড ওয়ার্নার। পুরনো দল হায়দরাবাদকে (IPL 2022) যেন একাই শেষ করে দিলেন। শেষে দিল্লির বোলিংয়ের সামনে পড়ে জয়ের থেকে ২১ রান দূরেই থামতে হল সানরাইজার্স হায়দরাবাদকে (DC vs SRH)।
ডেভিড ওয়ার্নারের (David Warner) সুবাদেই হায়দরাবাদের বিরুদ্ধে বিশাল রানের পাহাড় গড়ে দিল্লি। টস হেরেও ম্যাচ জিতে প্যাভিলিয়নে ফেরেন পন্থরা। সৌজন্যে যেমন ডেভিড ওয়ার্নারের ৯২ রানের ইনিংস, তেমনই আছে রোভম্যান পাওয়েলের মারকাটারি ব্যাটিং।
টস জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠান হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম ওভারেই মনদীপ সিংকে তুলে চমক দেন ভুবনেশ্বর কুমার। কিন্তু তারপর? ডেভিড ওয়ার্নারের ব্যাট একাই কথা বলল। মিচেল মার্শ (১০) বা ঋষভ পন্থ (২৬) আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তখনও ক্রিজের ওপারে একাই লড়াই করছিলেন ওয়ার্নার।
তবে তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দেন ক্যারিবিয়ান তারকা রোভম্যান পাওয়েল। মাত্র ৩৫ বলে ৬৭ রানের ইনিংস। হাঁকিয়েছেন ছয়টা বিশাল ছক্কা ও তিনটে চার। অন্যদিকে অপরাজিত ওয়ার্নার। অল্পের জন্য হাতছাড়া হয়েছে তাঁর সেঞ্চুরি। ৯২ রানের ইনিংসে মেরেছেন ১২ খানা চার ও তিনটে ছয়। ২০ ওভার শেষে এই জুটির দাপটেই দিল্লি পার করে ২০০ রানের গন্ডি।
দিল্লির ২০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই নড়বড়ে লাগে হায়দরাবাদের ব্যাটিং। সানরাইজার্স হায়দরাবাদের ওপেনারদ্বয় এদিন ব্যর্থ। দ্বিতীয় ওভারেই খলিল আহমেদের বলে মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন অভিষেক শর্মা। বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি অধিনায়ক কেন উইলিয়ামসনও (৪)।
রাহুল ত্রিপাঠিও মাত্র ২২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। যদিও দক্ষিণ আফ্রিকান ব্যাটার মারক্রান ও নিকোলাস পুরান কিছুটা লড়াই করেন। মারক্রান করেন ৪২ রান ও পুরান করেন ৬২। তবে এই জুটি আউট হওয়ার পর তাসের ঘরের মত ভেঙে পড়ে হায়দারাবাদে ব্যাটিং লাইনআপ।
দিল্লির হয়ে সফল বোলাররা। সবার ঝুলেতেই গেছে উইকেট। তার মধ্যে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন খলিল আহমেদ। চার ওভার বল করে ৩০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। শার্দুল ঠাকুর পেয়েছেন দু'টি উইকেট। বাকিরা একটি করে।
তবে এদিনের ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দু হলেন ডেভিড ওয়ার্নার। শুধু বুড়ো হাড়ে ভেল্কি দেখানো নয়। হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর রানের মেশিন জবাব দিল অনেক প্রশ্নের। আগের মরসুমে এই হায়দরাবাদের দায়িত্ব ছিল তাঁরই কাঁধে। কিন্তু মাঝ পথে তাঁকে সরিয়ে হায়দরাবাদের দায়িত্ব দেওয়া হয় কেন উইলিয়ামসনকে। শেষের দিকে ম্যাচ থেকে বাদও পড়েছিলেন তিনি। এবার নিলামে তাঁকে কিনতে আগ্রহী দেখাননি হায়দরাবাদের মালিকেরা। নিয়েছিল দিল্লি। সেই হায়দরাবাদের বিরুদ্ধেই এদিন নিজের জাত চেনালেন ডেভিড।