জানা গিয়েছে, এবার জানলার গ্রিল কেটে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। বুলা চৌধুরীর দাবি, ঘটনার রাতে পুলিশ পাহারার ব্যবস্থা ছিল। তা সত্ত্বেও কীভাবে এই চুরি সংঘটিত হল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

শেষ আপডেট: 3 January 2026 19:04
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে ফের চুরি। গত ১৫ অগস্ট তাঁর বাড়িতে চুরি হয়ে গিয়েছিল পদ্মশ্রী পুরস্কার-সহ একাধিক মূল্যবান সামগ্রী। পরে তৎপর হয়ে চোরদের গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই বাড়িতে হানা দিল চোরের দল।
জানা গিয়েছে, এবার জানলার গ্রিল কেটে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। বুলা চৌধুরীর দাবি, ঘটনার রাতে পুলিশ পাহারার ব্যবস্থা ছিল। তা সত্ত্বেও কীভাবে এই চুরি সংঘটিত হল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্নের মুখে প্রশাসন।
ভাইয়ের বাড়িতে পুজো থাকায় হুগলিতে এসেছেন বুলা। শনিবার সকালে দেবাইপুকুরে নিজের বাড়িতে কম্বল নিতে যান। তখনই দেখতে পান ঘরের আলমারি ভাঙা। কাটা হয়েছে জানলার গ্রিল। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তিনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
তবে ঘর থেকে ঠিক কী কী খোয়া গিয়েছে তা নিয়ে এখনও নিশ্চিত নন তিনি। গত অগস্ট মাসে বুলা চৌধুরীর দেবাইপুকুরের বাড়িতে হানা দিয়ে তাঁর সমস্ত পদক চুরি করেছিল চোরের দল। সেবার ঘটনার তদন্তে নেমে দ্রুত চুরির কিনারা করে পুলিশ। উদ্ধার হয় পদ্মশ্রী-সহ সমস্ত পদক। এবার ফের চুরি। এবারও প্রখ্য়াত এই সাঁতারুর অভিযোগ পেয়েই তৎপর হয়েছে পুলিশ। বাড়ি ফাঁকা থাকাতেই বারবার চুরির ঘটনা ঘটছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।