
শেষ আপডেট: 9 April 2023 10:49
দ্য ওয়াল ব্যুরো: তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু (Buddhist Monk) দলাই লামাকে (Dalai Lama) শ্রদ্ধা জানাতে এসেছিল বছর ৫-৬ বয়সের একটি শিশু। তার ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করতে দেখা গেল তিব্বতি বৌদ্ধ ধর্মগুরুকে। শুধু তাই নয়, শিশুটির উদ্দেশে দলাই লামাকে প্রশ্ন রাখতে শোনা যায়, 'তুমি কি আমার জিভটা চুষে দেবে?' ঘটনার ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হতেই বিতর্কের ঝড় আছড়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নোবেল শান্তি পুরস্কার জয়ী আধ্যাত্মিক গুরুকে শ্রদ্ধা জানাতে এসেছে একটি শিশু। সে সামনে ঝুঁকতেই তার ঠোঁটে ঠোট রেখে চুম্বন করেন বর্ষীয়ান ধর্মগুরু। এতেই শেষ নয়, শিশুটিকে তিনি জিজ্ঞেস করেন, 'তুমি কি আমার জিভ চুষে দেবে?' প্রশ্ন করেই সঙ্গে সঙ্গে জিভ বের করে খুদে ভক্তের দিকে মুখ এগিয়ে দেন বৌদ্ধ ধর্মগুরু, তার জিভ ছোঁয়ারও চেষ্টা করেন। উপস্থিত লোকজনকে তাতে হাসতে শোনা যায়।
জুস্ট ব্রোয়েকারস নামে একজন টুইটারে পোস্ট করেছেন ভিডিওটি। ক্যাপশনে তিনি লিখেছেন, 'বৌদ্ধ ধর্মের একটি অনুষ্ঠানে একজন ভারতীয় শিশুকে চুম্বন করছেন দলাই লামা, এমনকী তার জিভ স্পর্শ করারও চেষ্টা করছেন। উনি সত্যিই বলছেন 'আমার জিভ চুষে দাও।' কেন উনি এমনটা করছেন!'
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই তুঙ্গে উঠেছে বিতর্ক। অনেকেই বিষয়টিকে শিশুদের প্রতি যৌন নিগ্রহ বলে দাবি করেছেন। একজন লিখেছেন, এটা কী দেখছি আমি? ইনি দলাই লামা? পেডোফিলিয়ার অভিযোগে গ্রেফতার করা উচিত। জঘন্য!'
'এটা অস্বাভাবিক এবং কারওরই এটা স্বপক্ষে কথা বলা উচিত নয়!' মন্তব্য অন্য একজনের।
ঘটনাটি কবে বা কোথায় ঘটেছিল, তা সঠিকভাবে জানা যায়নি।
এর আগে একাধিকবার বিতর্কিত কাজ কিংবা মন্তব্য করেছেন দলাই লামা। ২০১৯ সালে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁর উত্তরসূরি যদি কোনও মহিলা হন, তাহলে তাঁকে অবশ্যই অনেক বেশি আকর্ষণীয় হতে হবে।
'যদি কোনও মহিলা দলাই লামা আসেন, তাহলে তাঁকে আরও আকর্ষণীয় হতে হবে,' দাবি করেছিলেন তিনি। যদিও সেই মন্তব্য নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক চাগাড় দেওয়ার পর চাপের মুখে ক্ষমাও চেয়েছিলেন নোবেলজয়ী ধর্মগুরু।
গরু কেটে চার মুসলিমের নামে দোষ চাপিয়েছিল! অভিযুক্ত হিন্দু মহাসভার চার সদস্য