
নিজস্ব ছবি
শেষ আপডেট: 21 February 2025 22:44
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ হাওড়া বইমেলার (Howrah Book Fair) উদ্বোধন হয়ে গেল শুক্রবার। এদিন সাঁকরাইলের পোদড়া বিবেকানন্দ মাঠে ছিল প্রথম বর্ষের এই অনুষ্ঠান। বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট ইতিহাসবিদ এবং লেখক নৃসিংহপ্রসাদ ভাদুরী (Nrisingha Prasad Bhaduri)। ভাষা দিবসে (International Mother Language Day) উদ্বোধন হল দক্ষিণ হাওড়া বইমেলার, খুশি স্থানীয়রা।
প্রথম বছরের এই বইমেলায় ১০০টিরও বেশি স্টল রয়েছে যার মধ্যে ৭০টির বেশি প্রকাশনা সংস্থার স্টল। তার মধ্যে উল্লেখযোগ্য আনন্দ পাবলিশার্স, দেজ প্রকাশনীর মতো সংস্থার স্টল। ছোটদের বই থেকে শুরু করে বড়দের বই, সবই মিলবে এই বইমেলায়।
বইমেলা প্রসঙ্গে অন্যতম মূল উদ্যোক্তা তুষার কান্তি ঘোষ বলেন, 'সাঁকরাইল আন্দুল মৌড়ীর এই এলাকার যে সুপ্রাচীন ইতিহাস রয়েছে তাতে এই এলাকায় একটি বইমেলার আয়োজন হওয়া অনেকদিন আগেই হওয়া উচিত ছিল। শুধুমাত্র সমন্বয়ের অভাবে তা হয়ে ওঠেনি, এই বছরে আমি উদ্যোগী হয়ে সেই সমন্বয়েটাই সাধন করেছি। আজকের এই বইমেলা করতে পেরেছি।''
আগামী ২৭ তারিখ পর্যন্ত প্রতিদিন এই বইমেলা বিকাল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে। স্থানীয়রা অনেকেই বলছেন, তাঁদের কাছে বইমেলা মানে ছিল কলকাতা বইমেলা। এখন কাছাকাছির মধ্যে এই বইমেলা শুরু হওয়ায় খুবই সুবিধা হয়েছে। এটা খুবই ভাল উদ্যোগ।
বইমেলার মূল মঞ্চে প্রতিদিন কুইজ প্রতিযোগিতা, সাহিত্য বিষয়ক আলোচনা এবং সংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে। এছাড়া বইয়ের পাশাপাশি কিছু হাতের কাজের স্টল ,কিছু খাবার স্টলও রয়েছে।