ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’ শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ুর দিকে এগোলেও পশ্চিমবঙ্গে তার কোনও প্রভাব নেই।

ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’
শেষ আপডেট: 30 November 2025 11:35
দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় 'দিতওয়াহ' (Ditwah) শ্রীলঙ্কায় ধ্বংসলীলা চালানোর পর এবার ভারতের দিকে এগোচ্ছে। এর জেরে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে এবং দক্ষিণ ভারতের তিন রাজ্যে তৈরি হয়েছে চরম সতর্কতা। তবে স্বস্তির খবর, এই ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব বঙ্গোপকূলে পড়ছে না। বরং শুষ্ক আবহাওয়ার হাত ধরে শীতের প্রত্যাশায় দিন গুনছে পশ্চিমবঙ্গ।
আলিপুর আবহাওয়া অফিসের বুলেটিন অনুসারে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কার উত্তর উপকূলে ঘূর্ণিঝড় 'দিতওয়াহ' বর্তমানে তাণ্ডব চালাচ্ছে। এটি ঘণ্টায় প্রায় ৮ কিলোমিটার বেগে উত্তর থেকে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে।
গতকাল শনিবার পর্যন্ত ঘূর্ণিঝড়টি জাফনা থেকে ৮০ কিমি পূর্বে, ভেদারানিয়ম থেকে ১৪০ কিমি দক্ষিণ-পূর্বে, কারাইকাল থেকে ১৭০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং চেন্নাই থেকে ৩৮০ কিমি দক্ষিণে অবস্থান করছিল।
উত্তর থেকে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আজ রবিবার (৩০ নভেম্বর) ভোরের দিকে এটি উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্র উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগর অঞ্চলে পৌঁছিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার সন্ধ্যার মধ্যে ঝড়টি তামিলনাড়ু উপকূলের কাছ দিয়ে অতিক্রম করবে। এই ঘূর্ণিঝড়ের কারণে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্র উপকূলে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে বাংলার আবহাওয়ায় ঘূর্ণিঝড় 'দিতওয়াহ'-এর কোনও প্রভাব নেই। রাজ্যজুড়ে আগামী সাতদিন মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ—কোথাও ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আগামী তিনদিন (সোম, মঙ্গল, বুধ) রাজ্যে রাতের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামবে না।
পরবর্তী তিনদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তখন থেকেই গোটা রাজ্যেই শীতের হালকা আমেজ পাওয়া যাবে।
আজ রবিবার দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। অন্যান্য দিনের মতোই ভোরে কুয়াশার দাপট দেখা যেতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ এবং ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.০৯ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি নিচে)। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.০৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯০ শতাংশ।