দ্য ওয়াল ব্যুরো : টাকার নোট দিয়ে নিখুঁত অরিগামি করেছেন শিল্পীরা। তৈরি হয়েছে কাগজের ফুল। দশেরার দিনে সেই ফুলে কন্যকা পরমেশ্বরী দেবীর মন্দির সাজানো হয়েছে তেলঙ্গানায়। যে পরিমাণ টাকার নোট দিয়ে অরিগামি করা হয়েছে, তার মূল্য ১ কোটি ১১ লক্ষ ১১ হাজার ১১১ টাকা। করোনা অতিমহামারীর সময় যখন দেশের অর্থনীতি মন্দার মুখে পড়েছে, তখন এভাবে টাকা দিয়ে মন্দির সাজানোর সমালোচনা করেছেন অনেকে।
হায়দরাবাদ থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে কন্যকা পরমেশ্বরী দেবীর মন্দির অবস্থিত। দেবীকে দুর্গারই এক রূপ বলে গণ্য করা হয়। প্রতি বছরেই ভক্তেরা ওই মন্দিরে বিপুল পরিমাণ টাকা ও অলংকার দান করেন। মন্দিরের কোষাধ্যক্ষ পি রামু জানিয়েছেন, গতবছর মন্দিরে যে পরিমাণ প্রণামী জমা পড়েছিল, তার পরিমাণ ৩ কোটি ৩৩ লক্ষ ৩৩ হাজার ৩৩৩ টাকা।
কোষাধ্যক্ষ বলেন, "প্রতি বছর আরও বেশি মূল্যের নোট দিয়ে দেবীকে সাজানো হয়। স্থানীয় মানুষই ওই অর্থ দেন। পুজোর পরে তাঁদের টাকা ফিরিয়ে দেওয়া হয়। এবছর ৪০-৫০ জন ভক্ত মিলে নোট দিয়ে দেবীর মন্দির সাজিয়েছেন।"
এবার দশেরা উপলক্ষে দার্জিলিং-এ শস্ত্রপুজো করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পরে রাজনাথ সিং বলেন, “দেশের সুরক্ষার জন্য নিজেদের প্রাণের বলিদান দিয়েছেন ভারতের সেনারা। আমরা চাই চিনের সঙ্গে আমাদের সীমান্ত সমস্যা মিটে গিয়ে শান্তি ফিরুক। কিন্তু অপ্রিয় ঘটনা ঘটেই চলেছে। অবশ্য আমি আত্মবিশ্বাসী আমাদের সেনা কাউকে দেশের এক ইঞ্চি ভিতরে পর্যন্ত ঢুকতে দেবে না। ভারতীয় সেনার সাহসের কথা ইতিহাস সবসময় স্মরণ করে।”
এদিন সুকনা ওয়ার মেমোরিয়ালে রাখা অস্ত্রের পুজো করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। পুরোহিতকে তাঁর সঙ্গে মন্ত্র পড়তে দেখা যায়। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও চিনের মধ্যে সমস্যার মাঝেই সীমান্তের কাছেই এই শস্ত্র-পূজা করতে দেখা গেল রাজনাথ সিংকে।
দু’দিনের পশ্চিমবঙ্গ ও সিকিম সফরে এসেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। এখানে সীমান্ত এলাকায় সেনার প্রস্তুতির পাশাপাশি গ্যাংটক-নাথুলা রাস্তার উদ্বোধন করেছেন তিনি। ৩৩ কর্পসের সুকনার হেডকোয়ার্টারে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রাস্তার উদ্বোধন করেন তিনি।
শনিবার সুকনায় ভারতীয় সেনার প্রস্তুতি খতিয়ে দেখেন রাজনাথ সিং। সিকিম সেক্টরে সীমান্তের কী অবস্থা তা প্রতিরক্ষামন্ত্রীকে বুঝিয়ে বলেন সেনাপ্রধান এম এম নারাভানে। সেখানে মোতায়েন সেনার সঙ্গে কথাও বলেন তিনি। তাঁদের মনোবল বাড়ান। প্রতিরক্ষামন্ত্রী আসায় সাজো সাজো রব পড়ে গিয়েছিল সুকনা ওয়ার মেমোরিয়ালে।