বর্ষশেষে উৎসবের আমেজ, থিকথিক ভিড় শহর থেকে গ্রামাঞ্চলে। চিড়িয়াখানা, ইকো পার্ক থেকে দিঘা-দার্জিলিং- সব জায়গাতেই মানুষের ঢল।

আলিপুর চিড়িয়াখানা (ছবি- দ্য ওয়াল)
শেষ আপডেট: 31 December 2025 18:23
দ্য ওয়াল ব্যুরো: আর কিছুক্ষণের মধ্যেই বদলে যাচ্ছে ক্যালেন্ডার। হাতে মাত্র কয়েক ঘণ্টা। ইংরেজি নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে শহর কলকাতা থেকে শুরু করে দিঘা, দার্জিলিং, সর্বত্রই বর্ষবরণের উন্মাদনা।
বছরের শেষ দিনটা চেটেপুটে উপভোগ করতে সকাল থেকেই শহরের নানা প্রান্তে বেরিয়ে পড়েছেন মানুষজন। বাস-ট্রামে উপচে পড়া ভিড়, রীতিমতো ধাক্কাধাক্কির ছবি ধরা পড়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)-তে। একই অবস্থা ফেরি সার্ভিস (Ferry Service) ও লোকাল ট্রেনেরও (Local Train)।
আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoo), মিউজিয়াম (Museum), পার্কস্ট্রিট (Park Street), ইকো পার্ক (Eco Park), নিক্কো পার্ক (Nicco Park) ও সায়েন্স সিটি (Science City)-র মতো শহরের দর্শনীয় স্থানে তিল ধারণের জায়গা ছিল না। নতুন বছরকে স্বাগত জানাতে শহরজুড়ে হইহই রব।
রাজ্যের বাইরের ছবিটাও প্রায় এক। বছরের শেষ বা শুরু-বাঙালির চিরকালীন প্রিয় গন্তব্য দিঘা (Digha)। বড়দিন থেকেই পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো, জানাচ্ছেন হোটেল ব্যবসায়ীরা। তবে ৩১ ডিসেম্বর সেই ভিড়ই জনসমুদ্রে পরিণত হয়। ওল্ড দিঘা (Old Digha) থেকে নিউ দিঘা (New Digha) সমুদ্রের পাড়জুড়ে শুধুই মানুষের কালো মাথা।
বর্ষবরণে পর্যটকদের আনন্দ আরও বাড়াতে দিঘায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজন করা হয়েছে ‘বিচ ফেস্টিভ্যাল’ (Beach Festival)। আর সবচেয়ে বড় চমক, ৩১ ডিসেম্বর রাত ঠিক ১২টার পর। নতুন বছরকে স্বাগত জানাতে মধ্যরাতে দিঘার আকাশ আলো করে ফুটবে আতশবাজি (Fireworks)। সমুদ্র সৈকত থেকে হাজার হাজার পর্যটক সাক্ষী থাকবেন সেই মায়াবী মুহূর্তের।
তবে দিঘাতেই সীমাবদ্ধ নয় ভিড়। মন্দারমণি (Mandarmani), তাজপুর (Tajpur) ও শঙ্করপুর (Shankarpur) চত্বরেও এখন পা রাখার জায়গা নেই। সব জায়গাতেই ভিড় স্পষ্ট।
ভ্রমণপিপাসু বাঙালির আরেক পছন্দের ঠিকানা সুন্দরবন (Sundarbans)। ঘন ম্যানগ্রোভ অরণ্য, জঙ্গলঘেরা নদীপথ, লঞ্চে চেপে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ- সব মিলিয়ে বর্ষবরণে আলাদা আকর্ষণ রয়েছে সেখানে। প্রতিবছরের মতো এবারও শীত পড়তেই সেখানে পর্যটকদের আনাগোনা বেড়েছে।
সুন্দরবনের সোনাখালি (Sonakhali), গদখালি (Godkhali), ঝড়খালি (Jharkhali) জেটিঘাটে সকাল থেকেই পর্যটকদের ভিড়। সেখান থেকে লঞ্চে চেপে পাড়ি দিচ্ছেন জঙ্গল অভিযানে। ঝড়খালি, সজনেখালি (Sajnekhali), পাখিরালয় (Bird Sanctuary)-সহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে রাজ্যের নানা প্রান্ত থেকে পৌঁছনো মানুষের ভিড় রয়েছে চোখে পড়ার মতো।
আর তালিকায় তো রয়েছেই সকলের পছন্দের দার্জিলিং। ম্যাল রোডে ভিড় থিকথিক করছে সকাল থেকে। সন্ধে হতেই তা বাড়ছে ধীরে ধীরে। মনে করা হচ্ছে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়বে। সেলফি, ছবি, ভিডিও কিছু বাদ যাচ্ছে না। সঙ্গে চলছে পেটপুজোও।
বাকি শহর, শহরতলি, গ্রামাঞ্চলের ক্লাব থেকে ডিস্ক, ক্যাফে, চারিদিকে উন্মাদনা। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত সকলে।