
কলকাতায় ইডির তল্লাশি অভিযান
শেষ আপডেট: 15 November 2024 19:33
দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতায় টাকার পাহাড়। চেন্নাইয়ের মামলার সূত্র ধরে কলকাতায় ইডির ম্যারাথন অভিযান। কালো টাকা সাদা করতে লটারিকে ব্যবহার করার আশঙ্কায় এদিন একযোগে কলকাতা-চেন্নাইয়ের ২০ জায়গায় তল্লাশি চালায় ইডি। এখনও অবধি প্রায় ৯ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
বস্তুত সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন ২০২৪ সালে যে তথ্য প্রকাশ করে তাতে ফিউচার গেমিং নামে একটি গোষ্ঠীকে নির্বাচনী বন্ডে সব থেকে বেশি চাঁদা দেওয়ার তথ্য উঠে আসে।
আদতে কেরলের কোচি শহরের বাসিন্দা সান্তিয়াগো মার্টিন নামে এক পেপার লটারি ব্যবসায়ীর সংস্থা ওই ফিউচার গেমিং। এই রাজ্য এবং রাজ্যের বাইরে মার্টিন ও তার ঘনিষ্ঠদের প্রায় ২০ টি ঠিকানায় গতকাল ও আজ তেড়েফুঁড়ে অভিযানে নামে ইডি।
ধৃত লটারি কিং-কে জেরা করে কলকাতার লেক মার্কেটে লটারির অফিসে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানকার প্রিন্স গোলাম মহম্মদ রোডের একটি বহুতল আবাসনের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। নিয়ে আসা হয় টাকা গোনার মেশিনও। এখনও অবধি কালো টাকার মোট অঙ্ক ৮ কোটি ৮০ লক্ষ।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরেও লটারির বেআইনি টাকার তদন্তে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একটি লটারি সংস্থার ছাপাখানায় তল্লাশি অভিযান চালানো হয় আয়কর দফতরের তরফে। অভিযোগ উঠেছিল, প্রকৃত যারা পুরস্কার পাচ্ছেন তাঁদের বঞ্চিত করে ওই সংস্থা পুরস্কারের কোটি কোটি টাকা প্রতারণা করেছে। তখনও প্রভাবশালী যোগের তত্ত্ব সামনে আসে।