.jpeg)
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 8 January 2025 15:28
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি বাংলা আবাস যোজনা প্রকল্পে রাজ্যের ১২ লক্ষ পরিবারকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে পাঠিয়েছে রাজ্য। এবার কৃষকদের জন্য ৩৫০ কোটি টাকা আর্থিক সাহায্য শুরু করল রাজ্য।
শস্য বিমা প্রকল্পে বুধবার থেকেই রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা। এর ফলে উপকৃত হবেন রাজ্যের ৯ লক্ষ কৃষক। এদিন দুপুরে সোশ্যাল মাধ্যমে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কখনও বন্যা কখনও বা প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয় ফসল। এই কারণে কৃষকদের জন্য শস্যবিমা প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিমার জন্য কৃষকদের কোনও টাকা দিতে হয় না। বিমার টাকাও দিয়ে থাকে রাজ্য। এদিন থেকে ওই প্রকল্পের মাধ্যমেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শস্য বিমার ক্ষতিপূরণের টাকা বিলির কাজ শুরু করেছে রাজ্য।
টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, '২০১৯ সালে চালু হবার পর থেকে কেবলমাত্র ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পেই আমাদের সরকার ১ কোটি ১২ লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট ৩ হাজার ৫৬২ কোটি টাকা সহায়তা প্রদান করেছে। আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব।'
প্রসঙ্গত, ডিভিসির ছাড়া জলের জেরে গত বছর দু দু'বার বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্য। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্লাবিত হয়েছিল চাষের জমি। এর ফলে দুর্গাপুজোর আগে এবং পরে পর পর দু'বার চরম ক্ষতির সন্মুখীন হয়েছিলেন রাজ্যের কয়েক লক্ষ কৃষক। এবার রাজ্যের তরফে তাঁদের আর্থিক সাহায্য করা হল।