
শেষ আপডেট: 11 October 2023 13:27
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের সময় থেকে উত্তেজনা রয়েছে। খড়গ্রামে। ভোটের আগে খুন হন কংগ্রেস কর্মী। এবার বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তিকে খুন করল দুষ্কৃতী। বুধবার সকালে এই ঘটনা সামনে আসতেই শোরগোল ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদে খরগ্রামের আতাই গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মাজারুল শেখ। তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানতে পারা গিয়েছে।
মাজারুলের মা জানিয়েছেন, মঙ্গলবার রাতে তিনি বাড়ির একতলার ছিলেন। দোতলার ঘরে ছিলেন মাজারুল। রাতে এক ব্যক্তি বাড়িতে এসেছিল। মাজারুলের সঙ্গে উপরে কথাবার্তা হচ্ছিল তাঁর। এরপরেই ছেলের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন তিনি।
ওই বৃদ্ধা আরও জানিয়েছেন, বুড়ো চোখে ভালোভাবে তিনি দেখতে পান না। তাই রাতে কে বাড়িতে এসেছিল দূর থেকে তিনি চিন্তে পারেননি।
প্রতিবেশীরা জানিয়েছেন, মাজারুলের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। ভাল মানুষ হিসাবেই সকলে চিনতেন তাঁকে। তাঁর সঙ্গে কারও কোনও বিবাদ ছিল না। ধর্মকর্ম নিয়েই সারাদিন কেটে যেত তাঁর। এমন অজাতশত্রু মানুষকে কে খুন করতে পারে, তা নিয়ে তাঁরাও ধোঁয়াশায় রয়েছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ মাজারুলের বাড়িতে গিয়েছিল। সেখানে গিয়ে তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। তবে খুনের কারণ জানতে পারা যায়নি। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।