West Bengal Elections 2026: বামেদের স্লোগান, ‘আপনার মতামত, আমাদের ইস্তেহার’। দলীয় নেতৃত্বের দাবি, চার দেওয়ালের মধ্যে বসে প্রতিশ্রুতি ঠিক করার বদলে জনতার মতামতকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে এ বার।

মহম্মদ সেলিম
শেষ আপডেট: 13 February 2026 20:16
দ্য ওয়া ব্যুরো: আসন্ন বিধানসভা নির্বাচনকে (Assembly Election) সামনে রেখে ইস্তেহার তৈরির প্রক্রিয়ায় অভিনব পথে হাঁটছে রাজনৈতিক দলগুলি। নেতৃত্বের ঘরে বসে প্রতিশ্রুতির তালিকা বানানোর বদলে সরাসরি সাধারণ মানুষের মতামত ও চাহিদাকেই প্রাধান্য দিচ্ছে বিজেপি (BJP)। তাদের লক্ষ্য, মানুষের বাস্তব সমস্যার প্রতিফলন ঘটুক ‘সংকল্পপত্র’-এ। সেই একই 'পথে' হাঁটছে সিপিএম-ও (CPIM)।
বামেদের স্লোগান, ‘আপনার মতামত, আমাদের ইস্তেহার’। দলীয় নেতৃত্বের দাবি, চার দেওয়ালের মধ্যে বসে প্রতিশ্রুতি ঠিক করার বদলে জনতার মতামতকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে এ বার। ইতিমধ্যেই একটি ডিজিটাল ফর্ম প্রকাশ করেছে তারা। রাজ্যের যে কোনও প্রান্ত থেকে ওই লিঙ্কে ক্লিক করে যে কেউ নিজের মতামত জানাতে পারবেন।
শুধু পরামর্শ দেওয়াই নয়, এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে সংগঠনের বিস্তারেও জোর দিচ্ছে সিপিএম। একই লিঙ্কের মাধ্যমে আগ্রহীরা ডিজিটাল ভলান্টিয়ার হওয়ার আবেদনও করতে পারবেন।
বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলির তৎপরতা বাড়ছে। জনতার মন বুঝে নির্বাচনী ইস্তেহার সাজাতে বিজেপি ও সিপিএম— দুই শিবিরই প্রযুক্তিনির্ভর জনমত সংগ্রহে ভরসা রাখছে। ভোটের আগে জনসংযোগের এই নতুন কৌশল কতটা ফলপ্রসূ হয়, এখন সেটাই দেখার।
বিজেপি সূত্রের খবর, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষির মতো মৌলিক ক্ষেত্রগুলিতে সাধারণ মানুষ কী প্রত্যাশা করছেন, কী ধরনের পরিবর্তন চান— তা সরাসরি জেনে নিয়েই তৈরি হবে নির্বাচনী রূপরেখা। প্রযুক্তিকে কাজে লাগিয়ে জনমত সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। বিধানসভাভিত্তিক এলাকায় এলাকায় ঘুরবে বিজেপির প্রচারগাড়ি। সেখানে সাধারণ মানুষ সরাসরি মতামত জানাতে পারবেন। পাশাপাশি একটি নির্দিষ্ট ফোন নম্বরও প্রকাশ করেছে রাজ্য বিজেপি। সেই নম্বরে ফোন করেও জানানো যাবে পরামর্শ বা দাবি। এবার একই 'পথে' হাঁটছে বামেরাও।
নির্বাচন কমিশন (ECI) বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। কমিশনের এই ঘোষণার সঙ্গে সঙ্গেই যে প্রশ্নটি উঠেছে তা হল— ভোট (West Bengal Election 2026 date) ঘোষণা হবে কবে? তা কি মার্চ মাসের প্রথম সপ্তাহেই হয়ে যাবে? এ ব্যাপারে কমিশন সূত্রে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
কমিশন এবং শাসক দল বিজেপি— দুটি সূত্রেই দাবি যে এবার তুলনামূলক অনেক কম দফায় ভোট গ্রহণ হবে। ২ থেকে ৩ দফায় ভোট সেরে ফেলবে কমিশন।
সিইও দফতর সূত্রে এও খবর, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কমিশনের ফুল বেঞ্চ আসবে কলকাতায়। প্রস্তুতি বৈঠকে নেতৃত্ব দেবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। যে যে বিষয়ে কমিশন খামতি চিহ্নিত করবে, সেগুলি নিশ্ছিদ্র করার নির্দেশ দেবে কমিশন। তার পর মার্চের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ভোট ঘোষণা করা হতে পারে। এমনিতেও মার্চের প্রথম সপ্তাহে কমিশনের টিম আসার পর ৩ ও ৪ মার্চ দোলযাত্রা ও হোলি উৎসব রয়েছে। তার পরই দ্বিতীয় সপ্তাহে ভোট ঘোষণা হবে। তার আগে নয়।