
শেষ আপডেট: 15 January 2024 19:12
দ্য ওয়াল ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর বাবা শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চেয়ে গত বছরের শেষে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
কুণালের দাবি, চিঠি প্রাপ্তির কথা লিখিতভাবে তাঁকে জানিয়েওছিল স্বরাষ্ট্রমন্ত্রক। বিষয়টি জানাজানি হওয়ার পর এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শিশিরবাবু কুণাল সম্পর্কে কু-মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। এ ব্যাপারে শিশিরবাবু-সহ তিনজনের বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করেছিলেন তৃণমূলের মুখপাত্র।
সোমবার ওই মামলার শুনানি ছিল কলকাতার মেট্রোপলিটন ম্যাজিসট্রেট কোর্টে। এ ব্যাপারে টুইট করে কুণালের দাবি, “শিশির-সহ তিনজনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছে আদালত। ১১ মার্চ তাঁদের কোর্টে উপস্থিত থাকতে হবে।”
"অমিত শাহ কুণাল ঘোষের মুখে পেচ্ছাপ করে দেবে।"
— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 15, 2024
এই মন্তব্য করেছিলেন শিশির অধিকারী।
মানহানির মামলা করেছিল আমার আইনজীবী অয়ন চক্রবর্তী।
আজ 19 MM কোর্টে শুনানির পর বিচারক শিশিরসহ তিনজনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।
11 মার্চ তাঁদের কোর্টে উপস্থিত থাকতে হবে।
শিশিরবাবু ঠিক কোন কু-শব্দটি ব্যবহার করেছিলেন, টুইটে তাও উল্লেখ করেছেন কুণাল। সোমবার সন্ধেয় এ ব্যাপারে জানতে চাওয়া হলে দ্য ওয়ালকে শিশিরবাবু বলেন, “আদালতের এমন নির্দেশ এখনও পাইনি।” একই সঙ্গে তাঁর সংযোজন, “এরকম কিছু বলেছিলাম বলে মনে পড়ছে না! তাছাড়া আমি তো এই ধরনের কথা বলার লোক নই!”
জবাবে কুণাল বলেন, “বলেননি মানে? আলবাত উনি অশালীন কথা বলেছেন! আরে টেলিফোনে ওঁকে একটি ডিজিটাল মিডিয়া ধরেছিল। সেখানেই উনি এই কু-মন্তব্য করেন। আমি ওই অডিও রেকর্ড কোর্টে জমাও দিয়েছিলাম। তার ভিত্তিতেই তো আদালত শিশিরবাবু সহ তিনজনকে সমন ধরিয়েছে।”
একই সঙ্গে কুণালের সংযোজন, “শিশিরবাবু ছেলের চাপে পড়ে দলবদল করছেন। কিন্তু ওঁনার মতো বয়স্ক মানুষের মুখে এসব কথা মানায় না।”
ঠিক কী কু-কথা বলেছেন শিশিরবাবু? জানতে কুণালের টুইটার হ্যান্ডেলে ভিড় বাড়ছে কৌতূহলীদের। পক্ষে-বিপক্ষে বইছে মন্তব্য।