
ফাইল ছবি।
শেষ আপডেট: 20 February 2025 20:11
দ্য ওয়াল ব্যুরো: এবার থেকে কলকাতায় বাড়ি তৈরির খরচ আরও কমল। বৃহস্পতিবার কলকাতা পুরসভার বাজেট পেশ করতে গিয়ে এই দাবি করেছেন মেয়র ফিরহাদ হাকিম।
ফিরহাদ জানিয়েছে, এবার থেকে ২ থেকে ৩ কাঠা জমির উপর বাড়ি তৈরির ক্ষেত্রে অনুমোদন ফি বা বিল্ডিং স্যাংশন ফি বাবদ আগের তুলনায় ৫০ শতাংশ কম দিতে হবে। এর ফলে নতুনভাবে যারা বাড়ি তৈরি করবেন তাঁরা অনেকটাই উপকৃত হবেন বলে দাবি কলকাতার মেয়রের।
একই সঙ্গে এদিনের বাজেটে কাউন্সিলরদের জন্য উন্নয়ন খাতে বরাদ্দ ১৫ থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে। একইভাবে বোরো ফান্ডের পরিমাণও ২৫ থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করা হয়েছে।
বাজেটে মেয়র দাবি করেছেন, পুরসভা এলাকার বস্তি পরিষেবা, বাণিজ্যিক প্রকল্প, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন এবং জল সরবরাহে জোর দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত বছর কলকাতা পুরসভার বাজেটে ঘাটতির পরিমাণ ছিল ১১২ কোটি টাকা। এবারে সেটা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ কোটি ৭২ লক্ষ টাকা। অর্থাৎ এক বছরে ঘাটতি পরিমাণ বাড়ল ২ কোটি ৭২ লক্ষ টাকা। যদিও মেয়রের দাবি, 'বিভিন্ন খাতে কলকাতা পুরসভার রাজস্ব আদায় বেড়েছে।' পুরসভার আর্থিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলেও দাবি করেছেন মেয়র।
স্বভাবতই এত বিপুল ঘাটতির পরও কীভাবে মেয়র রাজস্ব আদায় বৃদ্ধির কথা বলছেন তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে। যদিও বিজেপির দাবি, এই বাজেট দিশাহীন। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, "বাজেটের নামে কলকাতাবাসীকে বুড়ো আঙুল দেখাল পুরসভা।" আরএ একধাপ এগিয়ে বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত বলেন, "কলকাতা পুরসভা এলাকার উন্নয়ন হবে কী করে! কলকাতা পুরসভার বাজেটের টাকা তো লক্ষ্মীর ভাণ্ডারে চলে যায়!"