
শেষ আপডেট: 23 February 2023 09:40
দ্য ওয়াল ব্যুরো: ২০০ কোটি আর্থিক তছরূপ মামলায় বর্তমানে জেলবন্দি কনম্যান সুকেশ চন্দ্রশেখর (Conman Sukesh Chandrashekhar)। মান্ডোলি জেলে (jail) রয়েছেন তিনি। এবার সেখানে সুকেশ যে সেলে বন্দি রয়েছেন, সেখান থেকেই উদ্ধার হল দামি দামি জুতো, প্যান্ট-সহ একাধিক বিলাসবহুল জিনিসপত্র (luxury accessories)। এই খবর পাওয়া মাত্রই জেল কর্তৃপক্ষ হাজির হন সুকেশের সেলে। সেখান থেকেই উদ্ধার করা হয় একাধিক বিলাসবহুল দ্রব্য। এরপরই কান্নায় ভেঙে পড়েন সুকেশ। যা ধরা পড়েছে ওই সেলের সিসিটিভি ক্যামেরায়।
প্রসঙ্গত, সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরূপ মামলায় আগেই নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। তাঁর সঙ্গে সুকেশের সম্পর্কের কথা অজানা নয় কারওই। এর মাঝেই কনম্যানের সঙ্গে নাম জড়িয়ে গিয়েছে আর এক বলিউড ডিভা নোরা ফতেহির। বলা চলে, দুই সুন্দরীকে রীতিমতো নাকানিচোবানি খাইয়েছেন সুকেশ।
কিন্তু সুকেশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা বেমালুম অস্বীকার করেছেন ‘দিলবর গার্ল’ নোরা। প্রতারকের সঙ্গে নিজের নাম জড়িয়ে যাওয়ায় স্বভাবতই অস্বস্তিতে পড়েছিলেন তিনি। তাই নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেষ্টার কসুর করেননি। নোরার দাবি ছিল, অভিনেত্রী জ্যাকলিন নাকি তাঁকে ফাঁসানোর চেষ্টা করেছেন।
তবে পাল্টা সুকেশও নোরাকে নিয়ে মুখ খুলেছেন একাধিকবার। সম্প্রতি ভ্যালেন্টাইনস ডে'র দিনেও তিনি নাম না করে জ্যাকলিন এবং নোরা-দু'জনকে নিয়েই সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করেছেন। কারও নাম না নিয়েই প্ৰথমে তিনি বলেন, “আমার তরফ থেকে ওঁকে ভ্যালেন্টাইন্স ডে’র শুভেচ্ছা।’’ এরপর সুকেশ আরও বলেন, ‘‘আপনি যাকে ভালবাসবেন, তাঁকে সবসময় বিপদ থেকে রক্ষার চেষ্টা করবেন।’’ এরপর সেদিনই তাঁকে নোরা ফতেহি নিয়ে প্রশ্ন করতেই এড়িয়ে যান সুকেশ। তিনি জবাব দেন, ‘‘লোভী মানুষদের নিয়ে আমি কোনও কথা বলতে চাই না।’’
'ওঁকে ভ্যালেন্টাইন্স ডে'র শুভেচ্ছা', পুলিশের চক্রব্যূহ থেকেই প্রিয়তমাকে বার্তা 'ঠগী' সুকেশের