কয়েকদিন আগেই এই ঘটনায় গ্রেফতার হয়েছিল মোট আট জন। তাদের মধ্যে রাকেশ সিংয়ের ছেলে শিবম জামিন পেয়ে আগেই জেল থেকে বেরিয়ে গিয়েছেন।
.jpeg.webp)
রাকেশ সিং।
শেষ আপডেট: 18 September 2025 17:16
দ্য ওয়াল ব্যুরো: প্রদেশ কংগ্রেস দফতরে (Congress office attack) ভাঙচুরের মামলায় ধৃত বিজেপি নেতা রাকেশ সিং (Rakesh SIngh) ও আরও ছ’জনকে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন জামিন দিল শিয়ালদহ আদালত। প্রত্যেককে হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্তির নির্দেশ দেন বিচারক।
যদিও জামিনের অর্ডার হাতে এলেও এখনও জেলমুক্তি হচ্ছে না বিজেপি নেতার (BJP)। কারণ, তাঁর বিরুদ্ধে রয়েছে আরও একটি মামলা।
কয়েকদিন আগেই এই ঘটনায় গ্রেফতার হয়েছিল মোট আট জন। তাদের মধ্যে রাকেশ সিংয়ের ছেলে শিবম জামিন পেয়ে আগেই জেল থেকে বেরিয়ে গিয়েছেন। এদিন বাকিদের জামিন মঞ্জুর হলেও রাকেশের আইনি লড়াই এখনও শেষ হয়নি।
পুলিশ সূত্রে খবর, প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুর, হামলা ও উস্কানির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল রাকেশ ও তাঁর অনুগামীদের। ঘটনাস্থল ছিল কলকাতার এন্টালি থানা এলাকার অন্তর্গত। তদন্তে নেমে একাধিক সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বয়ান এবং অভিযুক্তদের ফোনের কল রেকর্ড খতিয়ে দেখে পুলিশ নিশ্চিত হয় যে পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছিল।
আদালত এদিন জানিয়ে দেয়, অভিযুক্তদের আপাতত অন্তর্বর্তী জামিনে মুক্তি দেওয়া হলেও, তদন্ত চলাকালীন তারা যেন তদন্তকারীদের সহযোগিতা করে। পাশাপাশি, আদালতের অনুমতি ছাড়া শহর ছাড়তে পারবেন না বলেও জানানো হয়।
এদিকে রাকেশের বিরুদ্ধে থাকা অন্য মামলাটি নিয়ে কৌতূহল বেড়েছে রাজনৈতিক মহলে। ওই মামলায় জামিন না হওয়া পর্যন্ত তাঁর মুক্তি সম্ভব নয় বলেই জানিয়েছে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা। ফলে বিজেপি নেতার ঘরে এখনও স্বস্তির হাওয়া নেই।