দ্য ওয়াল ব্যুরো: প্রথমে পুলিশের কাছে জানাননি নিজামুদ্দিনের মসজিদে যাওয়ার কথা। পরে ফোনের কল রেকর্ড ধরে দিল্লি পুলিশ শনাক্ত করে প্রাক্তন কংগ্রেস কাউন্সিলরকে। বৃহস্পতিবার রাতে ওই কাউন্সিলর, তাঁর স্ত্রী এবং মেয়ের করোনাভাইরাস সংক্রমণের রিপোর্ট আসে। তিনজনেই কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। তিনজনকেই ভর্তি করা হয়েছে আম্বেদকর হাসপাতালে।
নিজামুদ্দিন এখন দেশের অন্যতম করোনা হটস্পট। গত সপ্তাহেই দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল অনেকেই গোপন করছে বলে অপরাধ দমন শাখার একটি বিশেষ দল ফোন কলের তথ্য জোগাড় করবে সেই সূত্র ধরেই প্রাক্তন কংগ্রেস নেতাকে চিহ্নিত করে পুলিশ।
দক্ষিণ দিল্লির যে এলাকায় বাড়ি এই প্রাক্তন কংগ্রেস নেতার সেই এলাকাকে সিল করে দিয়েছে পুলিশ। এই তিনজনের থেকে আরও কাদের মধ্যে সংক্রমণ ছড়ায় এখন সেটাই খতিয়ে দেখতে চাইছে পুলিশ। প্রাক্তন এই কংগ্রেস নেতার মহল্লা অত্যন্ত ঘিঞ্জি বসতিপূর্ণ। প্রশাসনের আশঙ্কা, আরও লোকের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে।
এমনিতেই দিল্লিতে ৩০টি এলাকাকে হটস্পট চিহ্নিত করে তা সিল করে দেওয়া হয়েছে। সিল করে দেওয়া হয়েছে কনাট প্লেসের পাশে বিখ্যাত বেঙ্গলি মার্কেট।
নিজামুদ্দিনের জমায়েত সংক্রমণ ছড়াতে ঠিক কী ভূমিকা নিয়েছে তা গত সপ্তাহেই পরিসংখ্যান দিয়ে জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সরকারের তরফে বলা হয় দেশে.মোট আক্রান্তের ৩০ শতাংশের নিজামুদ্দিন যোগ রয়েছে। এমনকি জামাত সদস্যদের সংক্রমণের জন্যই অর্ধেক সময়ে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে বলে জানানো হয়।