শঙ্কর মালাকার বঙ্গের রাজনীতিতে যথেষ্ট পরিচিত নাম। ২০১১ থেকে ২০২১, টানা দশ বছর বিধানসভায় হাত শিবিরের হয়ে জনপ্রতিনিধিত্ব করেছেন তিনি।

শঙ্কর মালাকার
শেষ আপডেট: 4 June 2025 11:36
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের কংগ্রেস শিবির (Congress) বড় ধাক্কা পেতে পারে বুধবার। প্রাক্তন বিধায়ক ও কংগ্রেস নেতা শঙ্কর মালাকার (Shankar Malakar) যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেসে (TMC)। সূত্রের খবর, ২০১৬-র মাটিগাড়া নকশাল বাড়ির বিধায়ক আজ দুপুরে অরূপ বিশ্বাসের উপস্থিতিতে ঘাসফুলের পতাকা হাতে তুলে নিতে চলেছেন।
যদিও এই বিষয় জানার জন্য উত্তরবঙ্গের কংগ্রেস নেতা শঙ্কর মালাকারকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে সূত্র মারফত খবর, তিনি আজই যোগ দিতে পারেন তৃণমূলে। এখন এটাই দেখার, তিনি এক যোগ দেন নাকি সঙ্গে আরও অন্য কেউ।
শঙ্কর মালাকার বঙ্গের রাজনীতিতে যথেষ্ট পরিচিত নাম। ২০১১ থেকে ২০২১, টানা দশ বছর বিধানসভায় হাত শিবিরের হয়ে জনপ্রতিনিধিত্ব করেছেন তিনি। উত্তরবঙ্গে বিশেষ করে সেখানকার তপসিলি সম্প্রদায়ের মধ্যে তাঁর প্রভাব বিরাট। সেক্ষেত্রে বলা যায়, এই দাপুটে নেতা তৃণমূলে যোগ দিলে হাত শিবির স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিপুল সাফল্য পেলেও উত্তরবঙ্গে সেভাবে দাপট দেখাতে পারেনি। এদিকে শঙ্করের দাপট থাকলেও নিজের কেন্দ্রে হেরেছিলেন তিনি। সেখানে জিতেছিল বিজেপি। পুরনো আসন উদ্ধার করতেই কি দলবদল, উঠছে প্রশ্ন।
২৬-এর নির্বাচনের আগে এই দলবদল হলে উত্তরবঙ্গে তৃণমূলের দাপট যে কিছুটা বাড়বে তা বলাই বাহুল্য। শঙ্কর মালাকারকে সংগঠক হিসেবে কাজে লাগিয়ে নিজেদের মাঠি আরও শক্ত করতে চাইবে ঘাসফুল শিবির। বিগত কয়েকটি নির্বাচনে উত্তরবঙ্গের কার্যত গেরুয়া ঝড় দেখা গেছে। সেই ঝড় থামাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে শঙ্কর সাহায্য করতে পারেন কিনা, সেটা দেখার বিষয় হবে।
সূত্রের খবর, বুধবার কলকাতার তৃণমূল ভবনে সুব্রত বক্সি ও অরূপ বিশ্বাসের হাত ধরে তিনি আনুষ্ঠানিকভাবে শাসক শিবিরে যোগ দেবেন।