এই নিয়ে মোট আট বার বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের অভিযোগ এল বিধানসভায়।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 10 June 2025 19:38
দ্য ওয়াল ব্যুরো: ফের স্বাধিকার ভঙ্গের অভিযোগ (Violation of Rights) জমা পড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে। এই নিয়ে মোট আট বার বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের অভিযোগ এল বিধানসভায়।
সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে এদিন বিধানসভায় (West Bengal Legislative Assembly) আলোচনা প্রস্তাব এনেছিল শাসকদল তৃণমূল। আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee), বিরোধী দলনেতা-সহ শাসক, বিরোধী উভয়পক্ষের একাধিক বিধায়ক।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)) বলেন, "বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী এমন কোনও কথা বলেননি যা পাকিস্তানের সপক্ষে বিবৃতি দিয়েছেন বলে প্রমাণিত হয়। অথচ বিরোধী দলনেতা এ নিয়ে বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে মিথ্যাচার করেছেন। এ ব্যাপারেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ জমা পড়েছে। এ ব্যাপারে কমিটি আগামিকাল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।"
স্পিকার এও বলেন, একজন বিরোধী দলনেতার দায়িত্বশীল আচরণ করা উচিত, উনি সেটা পালন করছেন না। এটা রাজ্যের সুস্থ গণতন্ত্রের জন্য খুবই দুর্ভাগ্যজনক।
প্রসঙ্গত, এদিন সেনাবাহিনীকে সম্মান জানানোর ওই আলোচনা সভায় শাসক-বিরোধীর বক্তব্য পাল্টা বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা কক্ষ। পরে বাইরে এসে বিরোধী দলনেতা অভিযোগ করেন, বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী যেভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সপক্ষে বিবৃতি দিয়েছেন তা অতিবড় পাক সমর্থকও দেয় না।
শুভেন্দুর এই বক্তব্যের বিরুদ্ধেই স্পিকারের কাছে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাসরা। তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক করেছেন বিরোধী দলনেতা।