
হুমায়ুন কবীর
শেষ আপডেট: 3 April 2025 08:43
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন পুলিশ অফিসার তথা ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) ছেলে মারধর করেছেন বলে দাবি। সেই প্রেক্ষিতে লেক থানায় (Lake PS) অভিযোগ দায়ের হয়েছে। বলা হয়েছে, শুধু মারধর করেননি তিনি, ভেঙেছেন গাড়িও।
অভিযোগকারীর বয়স ৭০ বছর। তাঁর দাবি, তিনি আতিউর রহমান নামের এক ব্যক্তির গাড়ি দেখভাল করেন। তবে কিছু দিন আগে সেই গাড়ি খারাপ হয়ে যাওয়ায় তিনি তাঁদের আবাসনের একটি নির্দিষ্ট জায়গায় সেটি রেখেছিলেন। তবে হুমায়ুন কবীরের ছেলে সারিক কবীর ওই জায়গাটিকে নিজের 'গ্যারেজ' বলে দাবি করে গাড়িটি ভাঙচুর করেন এবং তাঁকেও মারধর করেন।
এখানেই শেষ নয়। সারিকের বিরুদ্ধে গালিগালাজ করা এবং প্রাণে মারার হুমকি দেওয়ার মতো অভিযোগও তুলেছেন ওই বৃদ্ধ। থানায় দেওয়া অভিযোগপত্রে তিনি এও উল্লেখ করেছেন, ঘটনার কারণে তাঁর প্রেশার বেড়েছে এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। তাই পুলিশের কাছে তাঁর আর্জি, সারিকের বিরুদ্ধে এফআইআর করে যাতে কড়া ব্যবস্থা নেওয়া হয়।
যদিও এই ঘটনায় হুমায়ুন কবীর বা তাঁর ছেলে সারিকের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে কিছু সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, এক যুবক একটি গাড়ির কাচ ভাঙছেন এবং পরবর্তী সময়ে আবাসনের কয়েকজনের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হচ্ছে। ঘটনাস্থলে অভিযোগকারী বৃদ্ধও রয়েছেন বলে অনুমান করা যায়।