
শেষ আপডেট: 19 April 2024 20:11
দ্য ওয়াল ব্যুরো: গত ১৭ এপ্রিল রাম নবমীর দিন মুর্শিদাবাদের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগে মুর্শিদাবাদের দুটি থানার ওসির বিরুদ্ধে চার্জশিট দাখিলের নির্দেশ দিল নির্বাচন কমিশন।
মুখ্য নির্বাচন কমিশনার রাকেশ কুমারের তরফে এ ব্যাপারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশে বলা হয়েছে, অশান্তির পরিবেশের কারণে মুর্শিদাবাদের শক্তিপুর ও বেলডাঙা থানার ওসিকে সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে হবে। এ ব্যাপারে কী পদক্ষেপ করা হল, আগামীকাল শনিবার বেলা ১১টার মধ্যে কমিশনের দিল্লির অফিসে রিপোর্ট পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৭ এপ্রিল রামনবমীর অনুষ্ঠানকে কেন্দ্র করে মুর্শিদাবাদের শক্তিপুর ও বেলডাঙা থানা এলাকায় বেশ কিছু হিংসার ঘটনা ঘটে। তাতে বেশ কয়েকজন জখম হন। ওই ঘটনায় রিপোর্ট তলব করেছিল কমিশনের দিল্লির অফিস।
রাজ্যের নির্বাচনী দফতরের তরফে পাঠানো রিপোর্ট খতিয়ে দেখে কমিশন মনে করছে, এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা করেননি সংশ্লিষ্ট দুই থানার ওসি। এরপরই তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ এসে পৌঁছেছে দিল্লি থেকে।
বস্তুত, এদিন মুর্শিদাবাদের হরিহর পাড়ার নির্বাচনী সভা থেকে মুর্শিদাবাদের গোলমালের ঘটনা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর অভিযোগ, ভোটের আগে গোলমালের পরিবেশ তৈরি করার জন্যই বিজেপি হিংসার ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী।