মহালয়া থেকে নামছে মেঘ! পুজোর মুখে ফের ভিজতে চলেছে গোটা বাংলা। দুর্গা প্রতিমা শুকোতে দেরি হবে না তো?

এআই দিয়ে তৈরি ছবি
শেষ আপডেট: 5 September 2025 14:11
দ্য ওয়াল ব্যুরো: সেই কবে থেকে বৃষ্টি শুরু হয়েছে, থামার নাম নেই। বৃহস্পতিবার ও শুক্রবারও হালকা বৃষ্টিতে ভিজেছে রাজ্যের বেশ কিছু জায়গা কিন্তু রোদের দেখা মেলায় বেজায় খুশি বাঙালি। ভাদ্রের রোদে জামা কাপড় ওলট পালট করে নেওয়ার আশা মিটছে। শুধু অস্বস্তি বাড়াচ্ছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। কিন্তু আলিপুর বলছে, তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের নীচে।
খুশির খবর, অবশেষে বাংলা থেকে বিদায় নিয়েছে নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সেটি ছত্তীসগড় পেরিয়ে ধীরে ধীরে মধ্যপ্রদেশের দিকে সরে যাবে আগামিদিনে।
এই সাময়িক রোদ্দুর আর ঝকঝকে নীল আকাশ দেখে মন আনন্দে নেচে উঠলেও এনিয়ে বেশি খুশি হওয়ার কিছু নেই বলে জানাচ্ছে মৌসম ভবন। তাদের পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে বৃষ্টি খানিকটা কম হলেও সেপ্টেম্বরের মাঝখান থেকে বিশেষ করে শেষের দিকে ফের এক দফা অতিবৃষ্টি হতে চলেছে। শুধু বাংলা নয়, গোটা দেশেই তার প্রভাব পড়বে বলে সতর্কও করা হয়েছে।
প্রকাশিত মানচিত্রে নীল রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে যেখানে স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টি হবে বলে দেখা যাচ্ছে। যদিও দিনক্ষণ এখনও নির্দিষ্ট করে বলা হয়নি, তবে ধাপে ধাপে বৃষ্টির মাত্রা বাড়ার ইঙ্গিত মিলেছে।
আগামী সপ্তাহে বাংলায় তুলনায় কম বৃষ্টি হলেও গুজরাত ও রাজস্থানে অতিবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে।
বাংলায় ফের বৃষ্টির দাপট শুরু হবে মহালয়ার সপ্তাহে। অর্থাৎ ১৯ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে বাড়বে বৃষ্টি। এরপর ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্তও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই পূর্বাভাসে ইতিমধ্যেই চিন্তায় পড়েছেন কুমোরটুলির মৃৎশিল্পীরা। তাঁদের আশঙ্কা, টানা বৃষ্টিতে দুর্গা মূর্তির মাটি শুকোতে দেরি হতে পারে। চিন্তার ভাঁজ প্রত্যেক বাঙালির কপালে। যে বৃষ্টি এই মরশুমে দেখা গেছে, তা যদি পুজোর সময় হয়, তাহলে ঠাকুর দেখা, সাজগোজ সবই জলে।
এক্ষেত্রে বঙ্গের দুই প্রান্তের কোন অংশ বেশি ক্ষতিগ্রস্থ হবে, তা আগামিদিনে বোঝা যাবে।