
শেষ আপডেট: 21 April 2025 15:56
দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: জলে ডুবে মৃত্যু হল ক্লাস এইটের ছাত্রের। ঘটনায় শোকের ছায়া চন্দননগরের ১৯ নম্বর ওয়ার্ডের ডুপ্লেক্স পট্টি কুমোরপাড়া এলাকায়। মৃত ছাত্রের নাম সায়ন পাল (১৪)। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে সায়ন তার তিন বন্ধুর সঙ্গে খেলতে গিয়েছিল। তারপর চন্দননগরের লালবাগান এলাকার একটি পুকুরে স্নান করতে যায়।
স্নান করার সময় হঠাৎই জলে তলিয়ে যায় সায়ন। সঙ্গীরা বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দাদের খবর দেয়। সঙ্গে সঙ্গে পুকুরে নেমে সায়নকে উদ্ধার করেন তাঁরা। চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সায়নের বাবা সুজিত পাল বলেন, 'ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। পরে খবর পেয়ে ছুটে আসি। সায়ন সাঁতার জানত না। কেন জলে নামল, কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, কিছুই বুঝে উঠতে পারছি না।"
সায়ন ছিল পরিবারের একমাত্র সন্তান। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরাও শোকস্তব্ধ। সোমবার চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে সায়নের মৃতদেহের ময়নাতদন্ত হয়।