প্রস্তাবে বলা হয়েছে, নতুন করে তিন মাসের প্রশিক্ষণ চালুর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন দিক সরকার। এই প্রশিক্ষণ যাতে যথাযথভাবে সম্পন্ন হয়, তার দায়িত্বে থাকবে পশ্চিমবঙ্গ পুলিশ।

ফাইল ছবি
শেষ আপডেট: 18 June 2025 20:16
দ্য ওয়াল ব্যুরো: পুরুষ-মহিলা সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) জন্য তিন মাসের প্রশিক্ষণ (Training) চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police)। ইতিমধ্যেই রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের কাছে পাঠানো হয়েছে বিস্তারিত খরচের হিসেব সহ প্রস্তাব। এই প্রশিক্ষণের জন্য প্রায় ৩৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।
সূত্রের খবর, আগে সিভিক ভলান্টিয়ারদের জন্য দু’সপ্তাহের প্রশিক্ষণ ছিল। কিন্তু এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী তা বাড়িয়ে তিন মাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশিক্ষণের আওতায় আনা হবে মোট ১ লক্ষ ২৪ হাজার ৭১৪ জন সিভিক ভলান্টিয়ারকে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রশিক্ষণের খরচ গরমের সময়ে পড়বে ৩৬০.৭৯ কোটি টাকা এবং শীতকালে পড়বে ৩৪৬.৭৭ কোটি টাকা। প্রশিক্ষণে ইউনিফর্ম, বই, স্টেশনারি, পরীক্ষার খরচ, খাওয়ার খরচ, খেলাধুলার সামগ্রী — সবই যুক্ত থাকবে। প্রশিক্ষণে প্রতি ভলান্টিয়ারের জন্য গরমকালে খরচ ধরা হয়েছে ২৪ হাজার ৬০০ টাকা এবং শীতকালে ২৭ হাজার ৮০৬ টাকা।
রাজ্যের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ-এর স্বাক্ষরিত ওই প্রস্তাবে বলা হয়েছে, নতুন করে তিন মাসের প্রশিক্ষণ চালুর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন দিক সরকার। এই প্রশিক্ষণ যাতে যথাযথভাবে সম্পন্ন হয়, তার দায়িত্বে থাকবে পশ্চিমবঙ্গ পুলিশ।
খরচের হিসাব কী বলছে?
মোট ১ লক্ষ ২৪ হাজার ৭১৪ জন সিভিক ভলান্টিয়ারের জন্য তিন মাসের প্রশিক্ষণের খরচ:
• গ্রীষ্মকালে: ৩৬০.৭৯ কোটি টাকা (প্রতি ভলান্টিয়ার ২৪ হাজার ৬০০ টাকা)
• শীতকালে: ৩৪৬.৭৭ কোটি টাকা (প্রতি ভলান্টিয়ার ২৭ হাজার ৮০৬ টাকা)
ফলে সুপ্রিম কোর্টের নির্দেশে সিভিক ভলান্টিয়ারদের দু’সপ্তাহের প্রশিক্ষণ বাড়িয়ে তিন মাসের করার নির্দেশ পালন করতে গিয়েই সরকারের কাছে আর্থিক অনুমোদন চাওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফে।