দ্য ওয়াল ব্যুরো : গত ৮ নভেম্বর জয়পুরে বিয়ে হয় জিতেন্দ্র সিং-এর। তিনি সিআইএসএফে চাকরি করেন। বিয়ের সময় পাত্রীর বাবা তাঁর সামনে একটি প্লেট তুলে ধরলেন। তাতে রাখা ১১ লক্ষ টাকা। তাঁদের সমাজে ওইভাবে বরকে পণ দেওয়া নিয়ম। পাত্র কিন্তু প্লেট থেকে নিলেন মাত্র ১১ টাকা। সেই সঙ্গে নিলেন একটি নারকেল। জামাইয়ের বদান্যতা দেখে কেঁদে ফেললেন তাঁর শ্বশুর।
পরে জিতেন্দ্র সিং তাঁর শ্বশুর-শাশুড়িকে বলেন, আমি শুনেছি, আমার স্ত্রী রাজস্থান জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় বসার জন্য তৈরি হচ্ছে। সে যদি বিচারক হতে পারে, তাহলে আমার পরিবার টাকার চেয়ে বড় সম্পদ লাভ করবে। জিতেন্দ্র সিং-এর স্ত্রী আইনে পোস্ট গ্রাজুয়েট করে পিএইচডি করছেন। তাঁর পরিবার চান, তিনি গবেষণা চালিয়ে যান।
পাত্রীর বাবার নাম গোবিন্দ সিং। তিনি বলেন, জিতেন্দ্র যখন টাকা নিতে অস্বীকার করলেন, আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল, বরপক্ষ কোনও কারণে আমাদের ওপরে অসন্তুষ্ট হয়েছে। পরে আমরা জানতে পারি, তারা পণপ্রথার বিরুদ্ধে।