
শেষ আপডেট: 2 May 2023 14:49
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১১ বছর বয়স তাঁর। কিন্তু এর মধ্যেই ইনস্টাগ্রামে ফলোয়ার ছাড়িয়েছে দু'লক্ষ! যদিও তাঁর জন্য ১১-ই অনেকগুলো বছর। তিনি দু'পায়েও হাঁটেন না, হাঁটেন চার পায়ে। নাম— শোপেট। শোপেট ল্যাগারফেল্ড। বিশ্ববিখ্যাত জার্মান ফ্যাশন ডিজাইনার কার্ল ল্যাগারফেল্ডের পোষ্য মার্জার তিনি। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে দীর্ঘদিনের অসুস্থতায় প্রয়াত হয়েছেন কার্ল।
তবে শোপেটের জনপ্রিয়তা দুনিয়াজোড়া। তাঁর জীবনযাত্রা, আয়েশ করা, খাওয়াদাওয়া-- সবই নেটিজেনদের দেদার বিস্ময় কুড়িয়েছে। এহেন বিড়াল-ম্যাডাম এবারের নিউ ইয়র্কের বিখ্যাত মেট গালাতে আসছেন না বলে জানিয়ে দিয়েছিলেন। মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্টের এই বাৎসরিক ইভেন্ট তর্কাতীতভাবে বিশ্বের অন্যতম জমকালো ফ্যাশন অনুষ্ঠান বলে পরিচিত। এবারের মেট গালা কার্ল ল্যাগারফেল্ডের প্রতি বিশেষ শ্রদ্ধার্ঘের ব্যবস্থা রেখেছিল। যেখানে শোপেট থাকবেন বলেই সবাই আশা করেছিলেন। কিন্তু শোপেট জানিয়েছেন, তিনি প্যারিসে নিজের বাড়িতেই থাকবেন।
কিন্তু তা বললে হবে কেন? সেলেব্রিটিরা তো ছাড়ার পাত্র-পাত্রী নন। অতএব দোজা ক্যাট থেকে ক্লো ফাইনম্যান বা গীতিকার-অভিনেতা জ্যারেড লেটো— সকলেই নানাভাবে নিজেদের সাজসজ্জায়, পোশাকে নিয়ে এসেছেন শোপেটকেই। কেউ কেউ তো মেকআপে বিড়ালের আদল আনতে প্রস্থেটিকস অবধি ব্যবহার করেছেন। ক্লো ফাইনম্যান নিয়ে এসেছেন বিড়াল-আদলের পার্স। র্যাপার নিল নাজ শরীরী সজ্জায় ফুটিয়ে তুলেছেন বিড়ালের রূপ।
শোপেট জাতে বারম্যান। শোনা যায়, আদতে এই বিড়াল ছিল আজকের বর্মা বা মায়ানমারের বাসিন্দা, সেই থেকেই প্রজাতির এমন নামকরণ। মেট গালাতে না এলেও, প্যারিসে যদিও রাজকীয় আয়েশেই দিন কাটিয়েছেন তিনি। 'ম্যাও' ছাড়া কিছু মন্তব্য করেছেন কিনা— তা অবশ্য জানা যায়নি।
সলমন খান বাবা হতে চেয়েছিলেন! আইনের গেরোয় হয়নি, আক্ষেপ ভাইজানের