
শেষ আপডেট: 8 January 2024 17:56
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: কলেজের মধ্যে প্রিন্সিপালকে উদ্দেশ করে চোর চোর স্লোগান উঠল! এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বিষ্ণুপুর রামানন্দ কলেজে।
সোমবার দুপুরে কলেজের গেটের বাইরে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা হাতে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী। তাঁদের দাবি, কলেজের স্টুডেন্ট ফান্ডে ঠিক কত টাকা রয়েছে, কোন কোন খাতে তা খরচ হয়েছে, সেই হিসাব দিচ্ছেন না প্রিন্সিপাল। তাঁদের অভিযোগ, কলেজ প্রিন্সিপাল টাকা নয়ছয় করেছেন।
এদিন কলেজের মেন গেটে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভরত পড়ুয়ারা। বেশ কয়েকজন অধ্যাপক কলেজে যোগ দিতে আসলে তাঁদের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁদের সামনে পড়ুয়ারা 'চোর চোর চোরটা প্রিন্সিপাল ম্যাডামটা' স্লোগান দিতে থাকে।
তৃণমূল ছাত্র পরিষদ নেতা সুমন হোসেনের অভিযোগ, ''প্রতিবছর প্রত্যেক ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ১৫০ টাকা করে স্টুডেন্ট ফান্ড হিসাবে নেওয়া হয়। সেই টাকাতেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সরস্বতী পুজো ইত্যাদি অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু প্রিন্সিপাল ম্যাডাম কারও সঙ্গে আলোচনা না করেই নিজেই সেই টাকা খরচা করছেন। তহবিলে কত টাকা আছে সেটাও তিনি ছাত্রদের জানাচ্ছেন না।''
কলেজের গেটে যখন বিক্ষোভ চলছে তখন প্রিন্সিপ্যাল স্বপ্না ঘড়ুই নিজের ঘরেই ছিলেন। একটি সমস্যা নিয়ে অধ্যাপকদের সঙ্গে বৈঠক করছিলেন। বিষয়টি জানতে পেরে তিনি বলেন, পড়ুয়াদের ফান্ড নিয়ে কোনও গরমিল নেই। এখানে ছাত্র সংসদই নেই। বেশ কয়েকজন পড়ুয়াকে ডেকে পাঠিয়ে ছিলেন। তাঁদের সেই হিসাব দিয়ে দেওয়া হয়েছে।