
শেষ আপডেট: 1 August 2023 08:05
দ্য ওয়াল ব্যুরো: প্রবল বন্যার কবলে চিন (china flood)। গত শনিবার থেকে টানা ৩ দিন ধরে প্রবল বৃষ্টিতে বানভাসি চিনের একাধিক এলাকা। শুধু বৃষ্টিই নয়, এর উপর টাইফুনের (typhoon) আঘাতও রয়েছে। সব মিলিয়ে ঝড় বৃষ্টিতে প্রবল বিপর্যস্ত বেজিং সহ চিনের একাধিক এলাকা।
ইতিমধ্যেই রাজধানী বেজিংয়ে ১১ জন মারা গিয়েছেন বন্যায়। পাশাপাশি, নিখোঁজের সংখ্যা ২৭। এই সংখ্যা যে আরও বাড়তে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ চিনের পাশাপাশি উত্তর চিনে অস্বাভাবিক বর্ষণই এই বন্যার কারণ। শেষ কবে উত্তর চিনে এত বৃষ্টি হয়েছে তা মনে করতে পারছেন না সেখানকার বাসিন্দারা।
ইতিমধ্যেই বন্যা কবলিত অঞ্চলের মানুষজনকে উদ্ধার করতে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ৫০,০০০ এরও বেশি মানুষকে ইতিমধ্যেই উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ এলাকায়।
সাধারণত, চিনের পশ্চিমাঞ্চল বৃষ্টিপ্রবণ এলাকা। প্রতি বছরই সেখানে বছরের নির্ধারিত সময়ে নিয়ম করে নিম্নচাপ হয়। তবে উত্তর চিনে এমন বৃষ্টি সাধারণত বিরল, জানা যাচ্ছে চিনের আবহাওয়া দফতর সূত্রে। চিনের বহু এলাকা, রেল স্টেশন আপাতত জলের তলায়। প্রায় ২০০০ যাত্রী সম্বলিত ২টি ট্রেন আটকে গিয়েছিল মাঝপথে, জানা গেছে আরও এক ৮০০ যাত্রী সম্বলিত ট্রেন আটকে রয়েছে জলমগ্ন রেললাইনে।
বিপর্যয় কবে কাটবে সেই দিকে আপাতত চেয়ে রয়েছেন বেজিংবাসী। তবে এক্ষুনি বন্যার জল সরার সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে আবহাওয়া দফতর সূত্রে। সোমবারও ভারি বৃষ্টির পূর্বাভাস ছিল চিনে। ফলে, জলস্তর বেড়ে ভোগান্তি এখনই কমার নয়, জানাচ্ছেন চিনের প্রশাসন।
যিনি দ্বিতীয়বার বিয়ে করতে পারেন, তিনি প্রথম স্ত্রীর দায়িত্ব নিতে বাধ্য: হাইকোর্ট