
শেষ আপডেট: 14 December 2023 12:14
দ্য ওয়াল ব্যুরো: আনন্দপুর এলাকায় ফের মাথাচাড়া দিয়ে উঠেছে শিশু-বিক্রি চক্র। এবার মায়ের কোল থেকে চুরি করে মাত্র ২৮ দিনের কন্যা সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তার দাদুর বিরুদ্ধেই। পুলিশ ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজনই মিডলম্যান বা দালাল!
ঘটনাটি ঘটেছে বুধবার। গতকাল রাতে আনন্দপুর থানায় এসে এক তরুণী অভিযোগ করেন, যে তাঁর ২৮ দিনের মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ডায়েরিও করা হয়। তারপরই তৎপরতার সঙ্গে পুলিশ ওই শিশুর খোঁজ শুরু করে। সেইসঙ্গে শিশুর বাড়ির লোকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জেরার সময় ওই শিশু-কন্যার দাদুর কথায় অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ। তারা বুঝতে পারে, শিশুটিকে কোথাও বিক্রি করে দেওয়া হয়েছে। আর এই ব্যাপারে জড়িত অভিযোগকারিণীর বাবা ও সৎ মা। শেষ পর্যন্ত পুলিশি জেরার মুখে ভেঙে পড়ে তারা। পুলিশকে জানায়, ৩০ হাজার টাকার বিনিময়ে নাতনিকে বিক্রি করে দিয়েছে।
পুলিশ ধৃতদের থেকে খোঁজ নিয়ে আনন্দপুর এলাকায় তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। তারপর তাকে এখন হোমে পাঠানো হয়েছে। পরে বাবা-মায়ের হাতে দেওয়া হবে বলে খবর। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জন মিডলম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনজনই মহিলা। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হয়েছে।
এই ঘটনার পিছনে যে আরও বড় চক্রের যোগ আছে, তা পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। আনন্দপুরে এই শিশু বিক্রির ঘটনা নতুন নয়। চলতি বছরের অগস্ট মাসেই ২১ দিনের এক শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল খোদ মায়ের বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই শিশু বিক্রির চক্রে মিডলম্যানের ভূমিকাই সবচেয়ে বেশি।
টাকার লোভ দেখিয়ে শিশুর পরিবারের কাউকে টার্গেট করে তারা। অন্যদিকে নিঃসন্তান দম্পতিদের সঙ্গে যোগাযোগ রাখে। তাদের সঙ্গে মোটা অঙ্কের লেনদেনের চুক্তি হয়। সেই টাকার কিছু অংশ শিশুর পরিবারের সদস্যর হাতে দেয়, বাকি টাকা নিজেদের মধ্যে ভাগ বাটায়োরা করে। এই শিশু বিক্রি চলে একটা পরস্পর সংযুক্ত ব্যবস্থা বা চেইনের মাধ্যমে। বুধবারের ঘটনার সঙ্গে আগের ঘটনার কোনও যোগ আছে কিনা সেটাই পুলিশ খতিয়ে দেখছে।