
শেষ আপডেট: 1 March 2024 16:12
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বে-খেয়ালে ফুটন্ত ডালের কড়াইতে পড়ে গেল এক শিশু। মারাত্মক জখম অবস্থায় কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি পয়লার ঘেরি এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। আইসিডিএস সেন্টারটির পাশেই রয়েছে ওই শিশুর বাড়ি। শুক্রবার সকালে দুই বন্ধুর সঙ্গে ওই শিশু সেখানে গেছিল। বাড়ির একটি জায়গায় খাবার তৈরি হচ্ছিল। তখন কড়াইতে ডাল ফুটছিল। আচমকাই পা পিছলে ফুটন্ত ডালের কড়াইতে পড়ে যায় ওই শিশু। শিক্ষিকা দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে তুলে নেন। ছেলের কান্না শুনে সেখানে ছুটে আসেন শিশুর পরিবারের লোকজন। মারাত্মক জখম অবস্থায় শিশুকে তাঁরা কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তার চিকিৎসা চলছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই শিশুর মুখ ছাড়া দেহের বেশিরভাগ অংশ ঝলসে গেছে। চিকিৎসা দ্রুত শুরু হওয়ার ফলে তার অবস্থা আপাতত স্থিতিশীল।
মা সালেমা বিবি বলেন, "দুজন বন্ধুকে নিয়ে বাড়ির পাশের অঙ্গনওয়াড়িতে গেছিল ছেলে। তখনই এই ঘটনা ঘটে। গরম ডালের কড়ায় সে পড়ে যায়। ছেলের চিৎকার শুনে সেখানে গিয়ে দেখি ফুটন্ত ডাল গা-ময় হয়ে গেছে। তার পরে সকলে মিলে ছেলেকে হাসপাতালে নিয়ে আসে।"