.jpeg)
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 21 November 2024 20:33
দ্য ওয়াল ব্যুরো: আবাস নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বড়দিনের আগেই বাংলা আবাস যোজনায় রাজ্যের ১১ লক্ষ মানুষের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে বলে আগেই জানিয়েছিল রাজ্য।
বৃহস্পতিবার নবান্নের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন ওই সংখ্যাটা আরও ১ লক্ষ বাড়ানো হল। মুখ্যমন্ত্রীর কথায়, "সাম্প্রতিক বন্যা এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অনেকের বাড়ি ভেঙে পড়েছে। বহু মানুষ নতুন করে নিরাশ্রয় হয়েছেন। সেই সংখ্যাটা যোগ করা হচ্ছে। তাই আবাস প্রকল্পে উপভোক্তার সংখ্যা আমরা আরও ১ লক্ষ বাড়িয়ে দিয়েছি। ১১ লক্ষর পরিবর্তে ১২ লক্ষ মানুষ বাড়ি পাবেন। পুরো টাকাটাই দেবে রাজ্য।"
প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৬০ শতাংশ টাকা কেন্দ্রের এবং বাকি ৪০ শতাংশ টাকা দেওয়ার কথা রাজ্যের। কিন্তু গত ৩ বছর ধরে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। এর প্রতিবাদে আবাসের বাড়ি তৈরির টাকা রাজ্য একাই দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে সমীক্ষার কাজও শেষ। তবে প্রাকৃতিক বিপর্যের কারণে নতুন করে আরও কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নির্বাচনের কারণে ৬টি জেলায় এতদিন সমীক্ষার কাজ করা যায়নি বলে জানান মুখ্যমন্ত্রী।
মমতা এদিন জানান, দ্রুত বাকি সমীক্ষার কাজ শেষ করে আগামী ১৫ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে। একই সঙ্গে আবাস যোজনার নীতি নিয়েও এদিন বড় প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথায়, "বর্ষা হলে, বন্যা হলে বেচারাদের মাটির ঘরগুলো ভেঙে ঝুরঝুর হয়ে যাচ্ছে! অথচ কেউ একটা ছোট্ট বারান্দা করল বা ইট দিয়ে জানালা করল সেও পাবে না এই বাড়ি। কী নিয়ম! এই লিস্ট খায় না মাথায় দেয় কে জানে!"