দমদম বিমানবন্দর থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা হয়ে বাগডোগরা বিমানবন্দরে নামার পর মুখ্যমন্ত্রী সরাসরি উত্তরবঙ্গ সচিবালয় ‘উত্তরকন্যা’-য় যাবেন।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 10 November 2025 07:25
দ্য ওয়াল ব্যুরো: পুজোর পর পর হঠাৎ প্রবল বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গের একাধিক জেলা। সেই সময় পুজোর কার্নিভাল শেষ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। ফেরার সময় তিনি জানান, অল্প সময়ের মধ্যেই আবারও সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে আসবেন। সেই মতো সোমবার ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দমদম বিমানবন্দর থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা হয়ে বাগডোগরা বিমানবন্দরে নামার পর মুখ্যমন্ত্রী সরাসরি উত্তরবঙ্গ সচিবালয় ‘উত্তরকন্যা’-য় যাবেন। সেখানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ক্ষয়ক্ষতির মূল্যায়ন সংক্রান্ত প্রশাসনিক বৈঠকের কথা রয়েছে।
সূত্রের খবর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার — এই পাঁচ জেলার প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে আলিপুরদুয়ার ও কোচবিহারের প্রশাসন এবং জনপ্রতিনিধিদের ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। ফলে রবিবার ছুটির দিনেও উত্তরবঙ্গ প্রশাসনের মধ্যে তৎপরতা লক্ষ্য করা গেছে।
বন্যা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচিও নির্ধারিত রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পরিষেবা ও পুনর্বাসন সংক্রান্ত পর্যালোচনা বৈঠক ছাড়াও জেলাশাসক এবং শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যজুড়ে প্রায় ১২ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি তৈরির জন্য সহায়তা দেওয়া হবে। প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবার ১ লক্ষ ২০ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবে। পাশাপাশি উত্তরবঙ্গের শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় নতুন একটি শিল্প প্ল্যান্ট গড়ে উঠেছে। প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী এই সফরেই সেই নতুন শিল্প প্ল্যান্টের উদ্বোধন করতে পারেন।
রাজ্যের শীর্ষ প্রশাসন মনে করছে, মুখ্যমন্ত্রীর এই সফর উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের মনোবল বাড়াবে এবং পুনর্বাসন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।