হট্টগোলের মাঝেই মুখ্যমন্ত্রীর সোজাসাপটা জবাব, "আমি আমার সময় কেটে ওদের বলতে দিয়েছিলাম। ওঁরা আসলে বাংলা ভাষা নিয়ে আলোচনা চায় না। ধিক্কার জানাই বিজেপি বিধায়কদের।”

মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 4 September 2025 14:52
দ্য ওয়াল ব্যুরো: বাংলা ভাষার মর্যাদা রক্ষার প্রশ্নে বিধানসভা কক্ষে শুরু হয়েছিল বিশেষ আলোচনা। কিন্তু সেই আলোচনা কার্যত রূপ নেয় রাজনৈতিক সংঘাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) বক্তব্য শুরু করতেই চিৎকার, স্লোগানে বাধা দেন বিজেপি বিধায়করা ( BJP MLA )। উত্তাল হয়ে ওঠে বিধানসভা (West Bengal Assembly)।
হট্টগোলের মাঝেই মুখ্যমন্ত্রীর সোজাসাপটা জবাব, "আমি আমার সময় কেটে ওদের বলতে দিয়েছিলাম। ওঁরা আসলে বাংলা ভাষা নিয়ে আলোচনা চায় না। ধিক্কার জানাই বিজেপি বিধায়কদের।”
এখানেই থেমে থাকেননি মমতা। তাঁর তোপ, “আমি আমাদের বিধায়কদের শান্ত থাকতে বলেছি। কিন্তু শান্তি রাখা কি শুধু আমাদের দায়িত্ব? এটা দু’পক্ষেরই দায়িত্ব। বিজেপি আসলে গদি চোর, ভোট চোর, বাংলা-বিরোধী এবং অত্যাচারী দল। বিজেপি দেশের লজ্জা। বাংলার মানুষ এঁদের কাউকে বিধানসভায় দেখতে চাইবে না।”
বিরোধী দলনেতাকে আগের দিন সাসপেন্ড করার সিদ্ধান্তে আগে থেকেই সরগরম ছিল বিজেপি শিবির। এদিন মমতার বক্তব্য শুরু হতেই তা চরমে পৌঁছায়। হইচই, স্লোগান, মার্শালের হস্তক্ষেপ—সব মিলিয়ে বিধানসভা পরিণত হয় উত্তপ্ত রাজনৈতিক আবহে। ততক্ষণে শঙ্কর ঘোষের পর বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালকেও সাসপেন্ড করেন স্পিকার।
বিজেপির পাল্টা অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে বিরোধীদের কণ্ঠরোধ করছে। স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও তোলেন তাঁরা।
সব মিলিয়ে বাংলা ভাষার অধিকার নিয়ে আলোচনা শুরু হলেও, তা ছাপিয়ে উঠে আসে রাজনৈতিক দংশন ও সংঘাতের চিত্র। স্পিকারের একাধিকবার শান্ত থাকার আবেদন সত্ত্বেও, পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। ফলে মাঝপথে বক্তব্য থামিয়ে বিধানসভার ওয়ালে নেমে আসেন মুখ্যমন্ত্রী।