
সারদা কর্তা সুদীপ্ত সেন এবং চিদম্বরমের পত্নী নলিনী।
শেষ আপডেট: 5 July 2024 16:28
দ্য ওয়াল ব্যুরো: সারদা মামলায় আদালতে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, ৬৫ পাতার চার্জশিটে অন্যতম অভিযুক্ত হিসাবে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের পত্নী নলিনী চিদম্বরমের নাম উল্লেখ করা হয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সুদীপ্ত সেনের কাছ থেকে দেড় কোটি টাকা নিয়েছিলেন নলিনী।
আদালত সূত্রের খবর, সারদা মামলায় এর আগে বারাসতের বিশেষ আদালতে ৬টি চার্জশিট জমা দেওয়া হয়েছিল। ৬ নম্বর চার্জশিটে নাম ছিল দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী, আইনজীবী নলিনী চিদম্বরমের। ইডির দাবি, সারদা কর্তা সুদীপ্ত সেনের লোক ঠকানোর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন নলিনী।
কীভাবে নলিনীর সঙ্গে সারদা কর্তার যোগাযোগ গড়ে উঠল?
ইডি জানিয়েছে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংয়ের প্রাক্তন স্ত্রী মনোরঞ্জনার মাধ্যমে নলিনী চিদম্বরমের সঙ্গে পরিচয় হয় সারদা কর্তার। অভিযোগ, সুদীপ্তের কোম্পানি সারদার খবর উত্তর-পূর্ব ভারতে সম্প্রচার করার জন্য প্রায় ২৫ কোটি টাকা নিয়েছিলেন জি এম প্রাইভেট লিমিটেড নামে একটি সংবাদসংস্থার মালিক মনোরঞ্জনা। অতীতে সারদা মামলায় মাতঙ্গ ও মনোরঞ্জনাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও দুজনেই জামিনে মুক্ত।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, একাধিক দফায় সুদীপ্ত সেনের কোম্পানি থেকে প্রায় দেড় কোটি টাকা নিয়েছিলেন নলিনী। এ ব্যাপারে একাধিকবার তলব করা হলেও চিদম্বরম পত্নী অবশ্য তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দেননি। বরং প্রতিবারই আদালতের দ্বারস্থ হয়ে জেরা পর্ব আটকেছেন।
সংবাদ মাধ্যমের কাছে নলিনী এও দাবি করেছেন, সারদা কর্তার সংস্থা থেকে তিনি কোনও বাড়তি সুবিধা নেননি। আইনি সহায়তা বাবদ পারিশ্রমিক নিয়েছিলেন।
যদিও ইডির দাবি,. ২০১১-১২ সালে নলিনী যখন সুদীপ্ত সেনের কাছ থেকে অর্থ নিয়েছিলেন তখন তাঁর স্বামী ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে আইনজীবী হিসেবে নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হিসাবে নলিনীকে সারদা কর্তা ওই টাকা দিয়েছিলেন বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।