দ্য ওয়াল ব্যুরো: সিবিআইয়ের করা আইএনএক্স মিডিয়া মামলার চার্জশিটে প্রাক্তন অর্থমন্ত্রী ও কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরম-সহ মোট ১৪ জনের নাম রেখেছে সিবিআই। নাম রয়েছে পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম, আইএনএক্স মিডিয়ার কর্ণধার পিটার মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের।
আইএনএক্স মিডিয়ার অর্থ পাচার মামলায় সিবিআই নতুন করে চার্জশিট তৈরি করেছে। তাতে অভিযুক্ত করা হয়েছে প্রাক্তন অর্থমন্ত্রীকে। দিল্লির রউজ কোর্ট অ্যাভিনিউ আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। সোমবার এই মামলা উঠবে আদালতে।
২০১৭ সালের ১৫ মে আইএনএক্স মিডিয়ায় টাকা পাচার নিয়ে এফআইআর দায়ের করে সিবিআই। সেখানে অভিযোগ করা হয়েছে, ২০০৭ সালে চিদম্বরম অর্থমন্ত্রী থাকার সময় আইএনএক্স মিডিয়াকে বিদেশ থেকে ৩০৫ কোটি টাকা নেওয়ার ছাড়পত্র দিয়েছিল ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড।
চিদম্বরমকে ২১ অগস্ট গ্রেফতার করেছে সিবিআই, এখনও তিনি তাদের হেফাজতেই রয়েছে। সিবিআই হেফাজতে থাকাকালীনই তাঁকে নিজেদের হেফাজতে নিতে পারে অর্থমন্ত্রকের দুর্নীতিদমন শাখা ইডি। যদিও এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করে আসছেন চিদম্বরম।
এফআইআরে তাঁর নাম নেই বলে হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে বিরোধিতা করে এসেছেন প্রাক্তন অর্থমন্ত্রী। তবে এখন তাঁর নাম চার্জশিটে থাকায়, এই ইস্যুতে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের বিরোধিতা করা তাঁর পক্ষে কঠিন হবে।
তাঁকে গ্রেফতার করার দিন দিল্লিতে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। তাঁর বাড়ির পাঁচিল টপকে ঢুকতে হয় সিবিআই অফিসারদের। তাঁকে গ্রেফতার করার পরে কংগ্রেস সমর্থকরা বিক্ষোভ দেখান। কংগ্রেস অভিযোগ করে, কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন বলেই প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরমকে অভিযুক্ত করা হয়েছে।
শিনা বোরা হত্যা মামলায় এখন জেলে রয়েছেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়। তিনিই আইএনএক্স মামলায় চিদাম্বরমের নাম করেছেন।
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87/