
শেষ আপডেট: 29 March 2023 13:07
দ্য ওয়াল ব্যুরো: ভারতে আসার ৬ মাসের মাথায় ৪টি শাবকের জন্ম দিয়েছে নামিবিয়ার একটি চিতা (Cheetah)। বুধবার টুইটারে এই সুখবর জানিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব। তিনি বলেন, নামিবিয়া থেকে ভারতে (India) আনা সিয়ায়া নামের একটি চিতা চারটি শাবকের (Cubs) জন্ম দিয়েছে। এরপর তিনি একটি ভিডিও-সহ শাবকদের ছবি টুইটারে শেয়ারও করেছেন। এই নতুন শাবকদের আগমনকে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলেও অভিহিত করেছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী।
ভূপেন্দর যাদব লেখেন, "আমি এটা জানাতে পেরে আনন্দিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর ভারতে নিয়ে আসা আটটি চিতার মধ্যে একটি চিতা কয়েকদিন আগে চারটি শাবকের জন্ম দিয়েছে।" দীর্ঘ কয়েক দশক পর ভারতে চিতা ফিরিয়ে আনতে এই প্রোজেক্টের সঙ্গে জড়িত সবার নিরলস প্রচেষ্টার জন্যেও অভিনন্দন জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত সোমবারেই নামিবিয়া থেকে আনা সেই চিতাদের মধ্যে একটির মৃত্যু হয়েছে। তার নাম শাশা। জানা গিয়েছে, গত জানুয়ারি থেকেই কিডনির অসুখে ভুগছিল সে। কয়েকদিন ধরেই তার অবস্থা সঙ্কটজনক হয়ে পড়েছিল। অবশেষে সোমবার মৃত্যু হয় পূর্ণবয়স্ক আফ্রিকান চিতাটির। পাঁচটি স্ত্রী চিতা আনা হয়েছিল নামিবিয়া থেকে। বাকি তিনটি পুরুষ। শাশা ছিল ওই পাঁচটির একটি। তবে শাশাকে কিডনির অসুখ নিয়েই আনা হয়েছিল নাকি গত কয়েক মাসে এই অসুখ বাঁধে, তা স্পষ্ট নয়।
মোদী নামিবিয়া থেকে আনা চিতা ছেড়েছিলেন, রোগে ভুগে একটি মারা গেল