
শেষ আপডেট: 19 April 2023 16:38
দ্য ওয়াল ব্যুরো: নামিবিয়া থেকে আসার পরে মনই টিকছে না চিতা (Cheetah) ওবানের। বার বার কুনো জাতীয় উদ্যান থেকে পালিয়ে যাচ্ছে সে। কখনও আশপাশের গ্রামে, আবার কখনও অন্য জঙ্গলে। আর এবার তো কেলেঙ্কারি করে ফেলেছে ওবান। সটান বাঘের ডেরায় গিয়ে ঢুকে পড়েছে সে। বন দফতর ধরতে গেলেই পালিয়ে যাচ্ছে সে। কিছুতেই ওবানকে কব্জা করা যাচ্ছে না। বাঘের ডেরায় যাতে ওবানের কোনও ক্ষতি না হয় সে নিয়ে চিন্তায় পড়ে গেছে বন দফতর।
বার বার কুনো থেকে বেরিয়ে যাওয়ার কারণে ওবানের নাম দেওয়া হয়েছে ভবঘুরে। দক্ষিণ আফ্রিকা থেকে ৮,৪০৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতে উড়িয়ে আনা হয়েছে ৮টি চিতাকে। তাদের একটির মৃত্যু হয়েছে অসুখে। একটি চিতা চারটি বাচ্চার জন্ম দিয়েছে। বাকিদের মধ্যে এই ওবানই সবচেয়ে দুরন্ত।
চিতাটি এখনও পর্যন্ত কাউকে আক্রমণ করেছে বলে জানা যায়নি। তবে গ্রামেগঞ্জে ঘুরে বেড়াচ্ছে। গ্রামবাসীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাঁরা জানিয়েছেন, ঝড় বরোদা এবং গলি পুরা গ্রামের মাঠে ঘুরে বেড়াতে দেখা গেছে ওবানকে। গ্রামে চিতা ঘুরে বেড়ানোর খবর পেয়ে প্রথমে হতবাক হয়ে যান বন দফতরের আধিকারিকরাও। তারপর জানা যায়, চিতাটি আসলে নামিবিয়া থেকে আনা ওবান।
এখন নাকি সে কুনো থেকে পালিয়ে ১০০ কিলোমিটার পথ পেরিয়ে শিবপুরী জেলার মাধব জাতীয় উদ্যানে ঢুকে পড়েছে সেটি। আর এই উদ্যানটি পুরোদস্তর বাঘের ডেরা। এখানে দু’টি বাঘিনী এবং একটি বাঘ রয়েছে। কিছুদিন আগেই খবরে বেরিয়েছিল বাঘ নাকি চিতাবাঘ মেরে খাচ্ছে। এমন ঘটনা সাধারণত হয় না। তাই বন আধিকারিকরাও চিন্তায় রয়েছেন। ওবান ভালয় ভালয় ফিরে আসুক এটাই চাইছে বন দফতর। ওবানের যাতে কোনও ক্ষতি না হয়, সে দিকেও নজর রাখা হচ্ছে।