
নিজস্ব চিত্র
শেষ আপডেট: 24 November 2024 14:31
দ্য ওয়াল ব্যুরো: ঘাটালে ধুন্ধুমার। সাংসদ দেবের সামনেই কিল, চড়, ঘুঁষি। হাতাহাতি হয় শাসক দলেরই দুই গোষ্ঠীর মধ্যে। জখম একাধিক।
শিশুমেলার আয়োজন নিয়ে রবিবার ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে বৈঠক ডাকেন সাংসদ দেব। নির্দিষ্ট সময়ের কিছুটা পরে সেখানে উপস্থিত হন তিনি। তাঁকে দেখেই চিৎকার চেঁচামেচি শুরু হয় স্টেডিয়ামের সামনে। বৈঠক শুরু হলে হঠাই হাতাহাতিতে জড়িয়ে পড়ে উপস্থিত সদস্যরা।
হাতাহাতি মারপিটে পরিণত হতে বেশি সময় লাগেনি। বাঁশ, লাঠি নিয়ে শুরু হয় মারপিট। সাংসদের সামনেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ, বাঁশ দিয়ে পেটানো চলতে থাকে। বৈঠকে বাঁশ-লাঠি কোথা থেকে এল সেনিয়ে প্রশ্ন করতেই দেব অনুগামীরা আঙুল তোলে প্রাক্তন বিধায়ক শংকর দোলুই গোষ্ঠীর দিকে। বিশৃঙ্খলা তৈরি জন্য আগে থেকেই লাঠি-বাঁশ নিয়ে এলাকায় উপস্থিত ছিলেন শংকর-গোষ্ঠীর সদস্যরা, এমনই অভিযোগ ওঠে। লাঠি নিয়ে স্টেডিয়ামের বাইরে ছুটতেও দেখা যায় কয়েকজনকে।
স্থানীয় সূত্রে খবর, কোটি টাকার শিশুমেলা বর্তমানে ঘাটাল উৎসবে পরিণত। এই মেলার রাশ কার হাতে থাকবে সেনিয়ে প্রতিবারই নানা ঝামেলা হয়। গত বছর মেলা সংক্রান্ত একটি বৈঠকে ধস্তাধস্তি হয়েছিল শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে। এবছর শুরু থেকেই শোনা যাচ্ছিল, এই মেলার রাশ এবার থাকবে ঘাটালের সাংসদের হাতে।
এই নিয়ে কিছুদিন আগেই দেব জানান, অরবিন্দ স্টেডিয়ামে তিনি একটি বৈঠক করবেন। সেখান থেকে তৈরি হবে মেলার কমিটি। তার আগে শংকর দোলুই বৈঠক ডেকে বসেন। রবিবার সকালে দেব পৌঁছতেই শুরু হয় ঝামেলা। কার্যত রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয় এলাকায়।