ঘটনার পরে দেব নিজেও ভিডিও বার্তা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, “অনেকেই আমাকে দেখতে এসেছিলেন। কিন্তু একের পর এক প্রচার থাকার কারণে আজ র্যালি শেষ করতে পারলাম না, সবার কাছে ক্ষমাপ্রার্থী।”

ইসলামপুরে প্রচারে দেব
শেষ আপডেট: 7 April 2026 08:10
দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন সেই চার মাস আগের যুবভারতী বিশৃঙ্খলার (Yuva Bharati Chaos) মতোই দৃশ্য! মানুষ ভিড় জমিয়েছিলেন দেবকে (Actor-MP Dev) দেখার জন্য, সেলফি তুলবেন বলে, কিন্তু তৃণমূল নেতাদের ভিড়ে সেই স্বপ্ন যেন অধরাই রয়ে গেল। উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিশৃঙ্খলার জেরে ক্ষোভ বাড়ছে সাধারণেরই।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রচারে সোমবার স্টেট ফার্ম কলোনি মাঠে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে (Kanaialal Agarwal) সমর্থন করতে এসেছিলেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব। অভিযোগ, হেলিকপ্টার থেকে নামতেই চারদিক থেকে তাঁকে ঘিরে ফেলেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক এবং স্থানীয় নেতারা। এই অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার জেরে সাধারণ মানুষ প্রায় কেউই দেবকে দেখা তো দূরের কথা, কাছে যাওয়ারও সুযোগ পাননি। দীর্ঘক্ষণ চড়া রোদে দাঁড়িয়ে অপেক্ষা করে হতাশ হয়ে ফিরতে হয় বহু দেব-ভক্তকে।
ঘটনা ঘিরে তৃণমূলের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, নেতা ও কর্মীদের অতিরিক্ত ভিড়ের জন্যই দেবকে সামনে থেকে দেখতে পারেননি তাঁরা। সেলফি তোলা, হাত মেলানো, উত্তরীয় পরানোর চেষ্টায় হুলস্থুল অবস্থায় দেবের উপরে পড়ে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয় বলে জানান কয়েকজন উপস্থিত মানুষ। ফলে দেব নিজেই বিরক্ত হয়ে ভিড় সরাতে অনুরোধ করেন। পুলিশকেও বিশৃঙ্খলা সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয়।
ইসলামপুরে তৃণমূল প্রার্থী (TMC Candidate) কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে অলিগঞ্জ বাইপাস পর্যন্ত রোড শো করার কথা ছিল দেবের। শহরের আশ্রমপাড়া মোড়, চৌরঙ্গী মোড়, বাস টার্মিনাস, PWD মোড়- সব জায়গাতেই শত শত মানুষ অপেক্ষা করছিলেন অভিনেতাকে এক ঝলক দেখার আশায়। কিন্তু মাঠে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং সময়ের চাপে দেব (Dev) তিস্তা মোড় থেকেই অন্য গাড়িতে উঠে সেখান থেকে বেরিয়ে যান। ফলে যেসব জায়গায় রোড শোর আয়োজন করা হয়েছিল, সেখানকার কেউই দেবকে চোখের দেখাটুকুও দেখতে পাননি। এতে ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করছেন।
তৃণমূল প্রার্থী অবশ্য বিশৃঙ্খলার অভিযোগ মানতে নারাজ। তাঁর বক্তব্য, “এত মানুষের ঢল হবে ভাবিনি। দুর্ঘটনার ঝুঁকি ছিল। উপরন্তু দেবের কানকি ও ডালখোলায় আরও দু’টি কর্মসূচি ছিল। তাই সময়মতো বেরোতে হয়েছে।” তিনি আরও জানান, দেবের সঙ্গে কথা হয়েছে, বাকি রুটে পরে আবার রোড শো করবেন তিনি।
ঘটনার পরে দেব নিজেও ভিডিও বার্তা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, “অনেকেই আমাকে দেখতে এসেছিলেন। কিন্তু একের পর এক প্রচার থাকার কারণে আজ র্যালি শেষ করতে পারলাম না, সবার কাছে ক্ষমাপ্রার্থী।” এক মহিলা ক্ষোভে বলেন, “ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে ছিলাম। না খেয়ে অপেক্ষা করলাম- তবু দেখতেই পেলাম না।”