
শেষ আপডেট: 27 March 2020 18:30
করোনার সংক্রমণ যাতে সামাজিক স্তরে না ছড়ায় সেই কারণেই ২১ দিনের লকডাউন চলছে দেশজুড়ে। অন্যান্য রাজ্যের মতো দিল্লিতেও তার প্রভাব পড়েছে। লকডাউনের ফলে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও বাংলা থেকে দিল্লিতে কাজের খোঁজে আসা বহু দিনমজুরের রোজগারে টান পড়েছে। অনেকেই বলেছেন, রাজধানীর হিংসার সময় থেকেই রুজিরুটিতে টান চলছে, তার ওপর করোনা আতঙ্কের জেরে প্রতিদিনের রোজগার প্রায় বন্ধ। কাজ হারিয়ে দিল্লি ছে়ড়ে নিজের রাজ্যের দিকে পা বাড়িয়েছেন হাজার হাজার শ্রমিক।
দিল্লিতে আটকে পড়া ভিন্ রাজ্যের শ্রমিকদের অবশ্য আশ্বস্ত করেছে দিল্লির কেজরীওয়াল সরকার। যে সব শ্রমিক, মজুররা বাড়ি ফিরতে পারবেন না তাঁদের থাকার জন্য উত্তরপ্রদেশ সীমানায় গাজিপুর এলাকার স্কুলগুলিকে ব্যবহার করা হবে বলে এদিনই ঘোষণা করা হয়েছে।
https://www.facebook.com/TheWallNews/videos/731742284025737/
মজুররা জানিয়েছেন, এই বাস ছাড়ার কোনও নির্দিষ্ট সময় নেই। টার্মিনালে এক এক সময়ে ১৫টা করে বাস আসছে। এক একটা বাসে আসন সংখ্যা ৭০-৭৫টি। যার কারণেই বাসে ওঠার হুড়োহুড়ি পড়ে গেছে শ্রমিকদের মধ্যে। এক একটা বাসে ১২৫-১৫০ জন করেও যাত্রী উঠতে দেখা গেছে। এই সব যাত্রীদের থার্মাল স্ক্রিনিং হচ্ছে কিনা সেটাও স্পষ্ট নয়। বেলার পর থেকে কয়েকটি বাসের যাত্রীদের স্ক্রিনিং করতে দেখা গেছে।
সরকারি স্বাস্থ্য আধিকারিকরা বলেছেন, এখনও অবধি কারও মধ্যে সংক্রমণ ধরা পড়েনি। তেমন উপসর্গ দেখা গেলে তাঁদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হবে।