
মমতা বন্দ্যোপাধ্যায় ও কিরেন রিজিজু।
শেষ আপডেট: 4 September 2024 16:44
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুন কাণ্ডে আন্দোলিত সমাজ। প্রায় প্রতিদিনই কলকাতা-সহ সারা দেশে বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে প্রতিবাদ আন্দোলন। পরিস্থিতির মোকাবিলায় গত মঙ্গলবার বিধানসভায় 'অপরাজিতা' ধর্ষণ বিরোধী বিল নিয়ে এসেছে রাজ্য।
এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপকে নাটক বলে সোশ্যাল মাধ্যমে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। এব্যাপারে সোশ্যাল মাধ্যমে একটি চিঠি শেয়ার করে কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, মহিলা ও শিশু নির্যাতন রুখতে ২০১৮ সালেই দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের আর্জি জানানো হয়েছিল। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আর্জিতে সাড়া দেননি।
কটাক্ষের সুরে কিরেন রিজিজু লিখেছেন, 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজের পবিত্র কর্তব্য পালন করেননি। এখন অপরাজিতা বিল আনার নাটক করছেন।'
This is an extremely serious matter. Please don't make it political issue. Very strong laws are necessary but strong actions are more important. When the letter was written, media had carried this news extensively, but West Bengal Govt failed to act! https://t.co/dtmidg4pP6
— Kiren Rijiju (@KirenRijiju) September 4, 2024
চিঠিতে রিজুজ জানিয়েছেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের মোকাবিলা করার জন্য ২০১৮ সালে সংসদে একটি কঠোর আইন পাশ করা হয়েছিল। রাজ্য সরকারগুলিকে অবশ্যই এটি লাগু করার কথাও বলা হয়েছিল।' বাংলা তাতে সম্মত হয়নি বলে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বিধানসভায় অপরাজিতা বিল পাশ করার পাশাপাশি মমতা বলেন, দেশের বিভিন্ন রাজ্যে প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণ, নারী-শিশু নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। আমরা সব ঘটনারই তীব্র নিন্দা করছি ও ধিক্কার জানাচ্ছি। কিন্তু, মোদী এবং অমিত শাহ মিলে দেশের নারীদের সম্মান ও সুরক্ষায় কিছুই করতে পারেননি। তাই আমরা নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই, আমরা অমিত শাহের পদত্যাগ চাই। নরেন্দ্র মোদী দেশের জাতীয় লজ্জা বলে বিধানসভায় তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা।
তারই পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্রীয় মন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খড়গহস্ত হলেন বলে মনে করা হচ্ছে।